নড়াইলে চোর সিন্ডিকেটের ৩ সদস্য গ্রেপ্তার

প্রকাশ: শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬, ০৩:৫১ অপরাহ্ণ
নড়াইলে চোর সিন্ডিকেটের ৩ সদস্য গ্রেপ্তার

নড়াইল প্রতিনিধি: নড়াইলে চারটি চোরাই ইজিবাইক, ইজিবাইকের খুচরা সরঞ্জামাদি ও একটি মোটরসাইকেলসহ চুরি চক্রের তিন সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশ। 

শুক্রবার (৩০ অক্টোবর) ভোররাতে সদর উপজেলার বাঁশগ্রামের উত্তরপাড়া এলাকা থেকে তাঁদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার ব্যক্তিরা হলেন—সদর উপজেলার বাঁশগ্রামের উত্তরপাড়া এলাকার তোকাম মোল্লার ছেলে মিরাজুল ইসলাম (৩০), একই এলাকার নওশের মোল্লার ছেলে সবুজ মোল্লা (৩৩) এবং লিকুব মোল্লার ছেলে রিফায়েত মোল্লা (১৬)।

পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ সদর উপজেলার বাঁশগ্রামের উত্তরপাড়া এলাকার মিরাজুল ইসলামের বাড়িতে অভিযান চালিয়ে তাঁকে আটক করে। এ সময় তাঁর বাড়ি থেকে একটি চোরাই ইজিবাইক, একটি মোটরসাইকেল ও ইজিবাইকের বিভিন্ন যন্ত্রাংশ উদ্ধার করা হয়। পরে তাঁর দেওয়া তথ্যের ভিত্তিতে সবুজ মোল্লার বাড়ি থেকে একটি এবং রিফায়েত মোল্লার বাড়ি থেকে আরও দুটি চোরাই ইজিবাইক ও সরঞ্জামাদি উদ্ধার করা হয়।

নড়াইল সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাসেল সরোয়ার ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে সদর থানায় মামলা দায়েরের প্রক্রিয়া চলছে। চুরি চক্রের অন্য সদস্যদের শনাক্তেও পুলিশি অভিযান অব্যাহত রয়েছে।

এআইএল/সকালবেলা