অনিচ্ছাকৃতভাবে ‘ট্রান্সজেন্ডার’ শব্দ বলে ফেলেছি: শিক্ষামন্ত্রী
সকালবেলা অনলাইন: একটি অনুষ্ঠানে বক্তব্য দেওয়ার সময় ‘তৃতীয় লিঙ্গ’ বোঝাতে গিয়ে অনিচ্ছাকৃতভাবে ‘ট্রান্সজেন্ডার’ শব্দটি ব্যবহার করেছিলেন বলে জানিয়েছেন শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন। পরে নিজের ফেসবুক পেজে এক পোস্ট দিয়ে ওই বক্তব্যের শব্দচয়ন সংশোধন করেন এবং প্রকৃত প্রেক্ষাপট স্পষ্ট করেন তিনি।
শুক্রবার (৩০ অক্টোবর) দেওয়া ওই ফেসবুক পোস্টে শিক্ষামন্ত্রী উল্লেখ করেন, সম্প্রতি এক অনুষ্ঠানে তৃতীয় লিঙ্গের একজন শিক্ষার্থী কৃতিত্বের সঙ্গে ডিগ্রি অর্জন করেন। তাঁর এই অনন্য অর্জনকে স্বাগত জানিয়ে এবং সমাজে বঞ্চনার শিকার তৃতীয় লিঙ্গের মানুষের শিক্ষায় অংশগ্রহণকে উৎসাহিত করতেই তিনি বক্তব্য রেখেছিলেন।
বক্তব্যের ত্রুটি স্বীকার করে মন্ত্রী লেখেন, "সেদিনের অনুষ্ঠানে 'তৃতীয় লিঙ্গ' বলতে গিয়ে আমি অনিচ্ছাকৃতভাবে 'ট্রান্সজেন্ডার' শব্দটি ব্যবহার করেছিলাম। মূলত সেখানে আমার অভিপ্রেত শব্দ ছিল 'তৃতীয় লিঙ্গ'।"
দেশের আপামর জনসাধারণের ধর্মীয় মূল্যবোধ ও অনুভূতির প্রতি নিজের গভীর শ্রদ্ধা রয়েছে উল্লেখ করে শিক্ষামন্ত্রী বলেন, ওই বক্তব্যের মূল উদ্দেশ্য ছিল কেবল তৃতীয় লিঙ্গের মানুষের শিক্ষার সুযোগ ও তাঁদের সংগ্রামী অর্জনকে সাধুবাদ জানানো।
এআইএল/সকালবেলা