ভাড়াটে রাখলে সরকারি বাসার বরাদ্দ বাতিল
সকালবেলা নিউজ: নিজের নামে বরাদ্দ পাওয়া সরকারি বাসায় নিজে বসবাস না করে অন্যের কাছে ভাড়া বা সাবলেট দেওয়া কর্মকর্তা-কর্মচারীদের বিরুদ্ধে কঠোর অবস্থান নিয়েছে সরকার। আগামী ৩১ অক্টোবরের মধ্যে সরকারি বাসা থেকে সব ভাড়াটে ও সাবলেটগ্রহীতাকে অবিলম্বে সরিয়ে নেওয়ার কড়া নির্দেশ দেওয়া হয়েছে।
বৃহস্পতিবার (২৯ অক্টোবর) গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রণালয়ের অধীন সরকারি আবাসন পরিদপ্তর থেকে প্রকাশিত এক জরুরি গণবিজ্ঞপ্তিতে এই নির্দেশনা জারি করা হয়। পরিদপ্তরের আওতাধীন সব সরকারি বাসা ও ফ্ল্যাটের বরাদ্দপ্রাপকদের জন্য এই নিয়ম প্রযোজ্য হবে।
বিজ্ঞপ্তিতে জানানো হয়, সম্প্রতি পরিদর্শন দলের প্রতিবেদনে দেখা গেছে, কিছু সরকারি চাকরিজীবী তাঁদের নামে বরাদ্দ করা বাসার নির্দিষ্ট কক্ষ বা পুরো ফ্ল্যাট অননুমোদিতভাবে অন্যের কাছে ভাড়া দিয়েছেন। বাংলাদেশ বরাদ্দ বিধিমালা, ১৯৮২ অনুযায়ী এই ধরনের কার্যকলাপ সম্পূর্ণ নিষিদ্ধ। তাই নির্ধারিত সময়ের মধ্যে বাসাগুলো অবৈধ দখলমুক্ত করার নির্দেশ দেওয়া হয়েছে।
সতর্কবার্তায় বলা হয়েছে, আগামী ৩১ অক্টোবরের পর কোনো সরকারি বাসায় ভাড়াটে বা সাবলেটগ্রহীতার উপস্থিতি পাওয়া গেলে সংশ্লিষ্ট ব্যক্তির বাসা বরাদ্দ তাৎক্ষণিকভাবে বাতিল করা হবে। এর পাশাপাশি প্রচলিত সরকারি বিধি অনুযায়ী কঠোর শাস্তিমূলক ও আইনগত ব্যবস্থাও গ্রহণ করা হবে।
বরাদ্দ বিধিমালার ১৪(৩) বিধি অনুযায়ী, অভিযুক্ত কর্মকর্তা-কর্মচারীর বিরুদ্ধে বিভাগীয় শৃঙ্খলাভঙ্গের ব্যবস্থা নেওয়ার জন্য তাঁদের স্ব স্ব অফিসপ্রধান ও নিয়ন্ত্রণকারী কর্তৃপক্ষকেও লিখিতভাবে জানানো হবে বলে জানিয়েছে আবাসন পরিদপ্তর।
এআইএল/সকালবেলা