অসহায় রোগীদের চিকিৎসায় সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছে সরকার: প্রতিমন্ত্রী টুকু
বিশেষ প্রতিনিধি: টাঙ্গাইলে অসহায়, দুস্থ ও জটিল রোগে আক্রান্ত ব্যক্তিদের চিকিৎসা সহায়তা প্রদানে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হবে বলে জানিয়েছেন মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু।
শুক্রবার (৩০ অক্টোবর) দুপুরে টাঙ্গাইল সদর উপজেলা পরিষদ মিলনায়তনে ক্যানসার, কিডনি ও অন্যান্য জটিল রোগে আক্রান্ত রোগীদের মধ্যে চিকিৎসা সহায়তার চেক বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। অনুষ্ঠানে ক্যানসার ও কিডনিসহ বিভিন্ন জটিল রোগে আক্রান্ত ছয়জন রোগীর প্রত্যেককে এক লাখ টাকা করে মোট ছয় লাখ টাকার আর্থিক সহায়তার চেক বিতরণ করা হয়।
প্রতিমন্ত্রী বলেন, বর্তমান সরকার দেশের অসহায় ও দুস্থ মানুষের পাশে দাঁড়াতে সব সময় সচেষ্ট রয়েছে। বিশেষ করে ক্যানসার, কিডনি ও অন্যান্য প্রাণঘাতী রোগে আক্রান্ত রোগীদের চিকিৎসার ক্ষেত্রে সরকারি সহায়তা কার্যক্রম আগামীতে আরও জোরদার করা হবে।
চেক বিতরণ শেষে জনসাধারণের সেবা নিশ্চিত ও দাপ্তরিক কার্যক্রম আরও গতিশীল করার লক্ষ্যে টাঙ্গাইল সদর উপজেলা ভবনে মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রীর জন্য নির্ধারিত একটি বিশেষ পরিদর্শন কক্ষ উদ্বোধন করা হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা শাহীন মিয়ার সার্বিক তত্ত্বাবধানে এই কক্ষটি চালু করা হয়।
এ সময় টাঙ্গাইল সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম মুক্তার আশরাফ উদ্দিন, উপজেলা কৃষি কর্মকর্তা রুমানা খাতুনসহ প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা এবং স্থানীয় রাজনৈতিক নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
এআইএল/সকালবেলা