ভারতে পাইলটসহ ৬ আরোহী নিয়ে হেলিকপ্টার বিধ্বস্ত
সকালবেলা অনলাইন: ভারতের উত্তরাখণ্ডের চামোলি জেলার যোশীমঠের কাছে পাইলটসহ ছয়জন আরোহী নিয়ে একটি বেসরকারি কোম্পানির হেলিকপ্টার বিধ্বস্ত হয়েছে।
শুক্রবার (৩০ অক্টোবর) বদরীনাথ থেকে দেরাদুন যাওয়ার পথে এই দুর্ঘটনা ঘটে।
প্রতিবেদন অনুযায়ী, চার্লি এক্স-রে কোম্পানির পরিচালিত ট্রান্স ভারত হেলিকপ্টারটি হাতি পর্বতের কাছে পৌঁছানোর পর নিখোঁজ হয়। পরে সেটির সন্ধানে জরুরিভিত্তিতে আরও দুটি হেলিকপ্টার মোতায়েন করে কর্তৃপক্ষ।
যোশীমঠ পুলিশ ফাঁড়ির উপপরিদর্শক মনোহর কানিয়াল জানান, স্থানীয় সময় দুপুর ২টা ২১ মিনিটে যোশীমঠের মহকুমা প্রশাসনের মাধ্যমে চায়ি গ্রামের ওপরের এলাকায় হেলিকপ্টারটি বিধ্বস্ত হওয়ার তথ্য পাওয়া যায়। উত্তরাখণ্ড সিভিল এভিয়েশন ডেভেলপমেন্ট অথরিটির (ইউকাডা) কর্মকর্তারা জানান, চায়ি গ্রামের ওপরের সেনা ক্যাম্পের কাছে হেলিকপ্টারটির ধ্বংসাবশেষ শনাক্ত হয়।
এদিকে উত্তরাখণ্ডের মুখ্যমন্ত্রী পুষ্কর সিং ধামি জানিয়েছেন, দুর্ঘটনার পর পরই জেলা প্রশাসন, দুর্যোগ ব্যবস্থাপনা বিভাগ ও রাজ্য দুর্যোগ মোকাবিলা বাহিনী (এসডিআরএফ) যৌথভাবে উদ্ধার অভিযান শুরু করেছে। সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে তিনি জানান, তিনি নিজে সার্বিক পরিস্থিতি পর্যবেক্ষণ করছেন এবং আহতদের দ্রুত উন্নত চিকিৎসার ব্যবস্থা করার জন্য নির্দেশ দিয়েছেন।
এআইএল/সকালবেলা