প্রধানমন্ত্রীর বিমানের ত্রুটি তদন্তে কমিটি গঠন
সকালবেলা অনলাইন: প্রধানমন্ত্রী তারেক রহমানকে বহনকারী বিমান বাংলাদেশ এয়ারলাইনসের ফ্লাইটে যান্ত্রিক ত্রুটির কারণ অনুসন্ধানে চার সদস্যের একটি উচ্চপর্যায়ের তদন্ত কমিটি গঠন করা হয়েছে। কমিটিকে আগামী চার কার্যদিবসের মধ্যে প্রতিবেদন জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।
শুক্রবার (৩০ অক্টোবর) বিমান বাংলাদেশ এয়ারলাইনসের প্রশাসন ও মানবসম্পদ পরিদপ্তরের পরিচালক এয়ার কমডোর মো. নিয়ামুল কবীর স্বাক্ষরিত এক অফিস আদেশে এই তথ্য জানানো হয়।
এর আগে গত বৃহস্পতিবার জাপানের টোকিওর নারিতা আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ঢাকার উদ্দেশে রওনা হওয়ার প্রাক্কালে বিজি-৩৭৭ ফ্লাইটটিতে যান্ত্রিক ত্রুটি দেখা দেয়। ফলে উড্ডয়ন সাময়িকভাবে বাতিল করা হয়। রানওয়ের দিকে ট্যাক্সি করার সময় ককপিটে 'স্পয়লার'-সংক্রান্ত ত্রুটির সংকেত দেখতে পান পাইলট। পরে জরুরি ভিত্তিতে ত্রুটি মেরামতের পর উড়োজাহাজটি ঢাকার উদ্দেশে যাত্রা করে।
অফিস আদেশ অনুযায়ী, বিমানের চিফকে (প্ল্যানিং অ্যান্ড শিডিউলিং) সভাপতি করে চার সদস্যের এই কমিটি গঠিত হয়েছে। কমিটির অন্য সদস্যরা হলেন চিফ ইঞ্জিনিয়ার (ইঞ্জিনিয়ারিং প্রোডাকশন), ডেপুটি চিফ (ফ্লাইট সেফটি) এবং ব্যবস্থাপক (আইনবিষয়ক), যিনি সদস্যসচিব হিসেবে দায়িত্ব পালন করবেন।
চার দিনের সরকারি সফর শেষে প্রধানমন্ত্রী ও তাঁর সফরসঙ্গীদের নিয়ে এই বিশেষ ফ্লাইটটির ঢাকায় ফেরার কথা ছিল। যান্ত্রিক ত্রুটির নেপথ্যে কোনো অবহেলা বা অন্য কোনো কারণ রয়েছে কি না, তা খতিয়ে দেখে দ্রুত প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে।
এআইএল/সকালবেলা