সময়মতো মিলছে না সরকারি বোরো বীজ
মোঃ মুকিম উদ্দিন (জগন্নাথপুর প্রতিনিধি): হাওর অধ্যুষিত সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলায় সঠিক সময়ে সরকারি প্রণোদনার বোরো ধানের বীজ বিতরণ না করার অভিযোগ উঠেছে। চাষাবাদের মৌসুম শুরু হলেও সরকারি প্রণোদনার বীজ না পাওয়ায় বাজার থেকে বেসরকারি কোম্পানির উচ্চমূল্যের বীজ কিনতে বাধ্য হচ্ছেন স্থানীয় কৃষকরা।
স্থানীয় কৃষকদের অভিযোগ, বোরো মৌসুম শুরুর আগেই সরকারি প্রণোদনার বীজ বিতরণের প্রয়োজন থাকলেও যথাসময়ে তা কৃষকদের হাতে পৌঁছায় না। এতে উৎপাদন খরচ বৃদ্ধির পাশাপাশি চরম আর্থিক ক্ষতির মুখে পড়ছেন ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকরা। কৃষি বিভাগের উদাসীনতা ও বীজ কোম্পানিগুলোর সঙ্গে অসৎ যোগসাজশের কারণে ইচ্ছা করেই বীজ বিতরণে বিলম্ব করা হচ্ছে কি না, তা নিয়ে প্রশ্ন তুলেছেন তাঁরা।
কৃষকরা জানান, জগন্নাথপুরের অধিকাংশ মানুষই বোরো ধান চাষের ওপর নির্ভরশীল। সময়মতো বীজ না পেলে চাষাবাদ পিছিয়ে যাওয়ার পাশাপাশি হাওরে আগাম বন্যায় ফসলহানির ঝুঁকি বহুলাংশে বেড়ে যায়। অনেক সময় সরকারি বীজ যখন পৌঁছায়, ততক্ষণে কৃষকরা বাধ্য হয়ে বাজার থেকে বীজ কিনে বীজতলা তৈরি করে ফেলেন। ফলে সরকারের প্রণোদনার মূল উদ্দেশ্য ব্যাহত হচ্ছে।
এই পরিস্থিতিতে সরকারি বীজ বিতরণের সময়সূচি আগাম প্রকাশ ও উপযুক্ত সময়ে বিতরণ নিশ্চিত করার দাবি জানিয়েছেন ভুক্তভোগী কৃষকরা। একই সঙ্গে বিলম্বের পেছনে কোনো অনিয়ম বা অসাধু চক্র জড়িত থাকলে কঠোর ব্যবস্থা নেওয়ার আহ্বান জানান তাঁরা।
এ বিষয়ে জগন্নাথপুর উপজেলা কৃষি অফিসার কাওছার আহমদ জানান, জেলার কোথাও এখনও সরকারি বোরো ধানের বীজ পৌঁছায়নি। কৃষকদের অসুবিধার বিষয়টি যথাযথ কর্তৃপক্ষকে অবহিত করা হয়েছে এবং দ্রুত সময়ের মধ্যে বীজ এসে পৌঁছাবে বলে আশা প্রকাশ করেন তিনি।
এআইএল/সকালবেলা