১ লাখ এতিম শিশুর ধর্মীয় শিক্ষার অনুদান দেবে সরকার: শিশুবিষয়কমন্ত্রী

প্রকাশ: শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬, ০৮:১৯ অপরাহ্ণ
১ লাখ এতিম শিশুর ধর্মীয় শিক্ষার অনুদান দেবে সরকার: শিশুবিষয়কমন্ত্রী

বিশেষ প্রতিনিধি: দেশের আরও এক লাখ এতিম ও অসহায় শিশুর দ্বিনি শিক্ষায় সরকারি অনুদান দেওয়া হবে বলে জানিয়েছেন সমাজকল্যাণ এবং নারী ও শিশুবিষয়কমন্ত্রী অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেন।

শুক্রবার (৩০ অক্টোবর) দুপুরে চট্টগ্রামের পটিয়া উপজেলার ঐতিহ্যবাহী আল জামেয়াতুল আরাবিয়াতুল ইসলামিয়া জিরি মাদরাসার ১২০তম বার্ষিক সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

সমাজকল্যাণমন্ত্রী জানান, অসহায় ও এতিম শিশুদের ধর্মীয় শিক্ষার সুযোগ সম্প্রসারণ এবং তাদের শিক্ষাজীবন এগিয়ে নিতে সমাজকল্যাণ মন্ত্রণালয় থেকে এই বিশেষ পদক্ষেপ নেওয়া হচ্ছে। বর্তমানে দেশের কয়েক লাখ এতিম শিক্ষার্থী সরকারি সহায়তা পেলেও কর্মসূচির পরিধি বাড়িয়ে নতুন করে আরও এক লাখেরও বেশি শিক্ষার্থীকে এর আওতায় আনা হচ্ছে।

ডা. জাহিদ হোসেন বলেন, ‘একটি শিশুর সুন্দর ভবিষ্যৎ গড়ে তুলতে শিক্ষা ও নৈতিকতার বিকাশ অত্যন্ত জরুরি। আর্থিক অসচ্ছলতা যেন কোনো শিশুর শিক্ষার পথে বাধা হতে না পারে, সেই দায়বদ্ধতা থেকেই সরকার কাজ করছে। সরকারি উদ্যোগের পাশাপাশি সমাজের বিত্তবানদেরও এতিম ও দুস্থ শিশুদের কল্যাণে এগিয়ে আসা উচিত।’

জিরি মাদরাসার পরিচালক মাওলানা মোহাম্মদ খোবাইব বিন তৈয়বের সভাপতিত্বে সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির আহ্বায়ক ও চট্টগ্রাম ওয়াসা চেয়ারম্যান মোহাম্মদ ইদ্রিস মিয়া, পটিয়া উপজেলা বিএনপির সাবেক সদস্যসচিব খোরশেদ আলম এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।

মাদরাসার সিনিয়র শিক্ষক হাফেজ মাওলানা হোসাইন আল মাহমুদ ও ক্বারী নোমান জাহাঙ্গীরের সঞ্চালনায় বার্ষিক এ সভায় আল্লামা মুহিব্বুল্লাহ বাবুনগরী, আল্লামা জুনাইদ আল হাবিব, আল্লামা খালেদ সাইফুল্লাহ আইয়ুবী, মাওলানা হাফিজুর রহমান সিদ্দিকী কুয়াকাটাসহ দেশের শীর্ষস্থানীয় ওলামায়ে কেরামগণ উপস্থিত ছিলেন।

এআইএল/সকালবেলা