বিয়ের আগের রাতে মদসহ বর আটক

প্রকাশ: শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬, ০৯:১৯ অপরাহ্ণ
বিয়ের আগের রাতে মদসহ বর আটক

বিশেষ প্রতিনিধি: নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে বিয়ের আগের রাতেই বিদেশি মদসহ মো. সাদিকুল ইসলাম শুভ (২৫) নামের এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। 

শুক্রবার (৩০ অক্টোবর) তাঁর বিয়ের দিন ধার্য থাকলেও আনন্দ করতে গিয়ে শেষ পর্যন্ত কনের বাড়ি যাওয়ার বদলে তাকে জেলহাজতে যেতে হয়েছে।

বৃহস্পতিবার (২৯ অক্টোবর) রাতে উপজেলার জামপুর ইউনিয়নের এশিয়ান হাইওয়ে সড়কের আমগাঁও এলাকা থেকে তাকে আটক করা হয়। পরে শুক্রবার দুপুরে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে তাকে আদালতে পাঠানো হয়।

গ্রেফতার সাদিকুল ইসলাম শুভ জামপুর ইউনিয়নের সিংলাবো গ্রামের মো. নজরুল ইসলামের ছেলে। তার বাবা স্থানীয় ইউনিয়ন বিএনপির সহ-প্রচার সম্পাদক। নির্ধারিত দিনে রূপগঞ্জের কান্দাপাড়া গ্রামে তার কনেপক্ষের বাড়িতে যাওয়ার কথা ছিল।

পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে এশিয়ান হাইওয়ে সড়কের আমগাঁও ব্রিজ এলাকায় অভিযান চালায় পুলিশ। এ সময় সাদিকুল ইসলামের গতিবিধি সন্দেহজনক মনে হলে তার তল্লাশি চালিয়ে এক বোতল বিদেশি মদসহ তাকে হাতেনাতে আটক করা হয়।

এদিকে ছেলের আটকের বিষয়ে বাবা নজরুল ইসলামের দাবি, গায়েহলুদের রাতে বন্ধুরা আনন্দ করার জন্য মদ আনার কথা বললে শুভ তা আনতে যায়। এক বোতল বিদেশি মদ বহনের সময় তাকে ধরে পুলিশে দেওয়া হয়েছে। এটি একটি পরিকল্পিত ষড়যন্ত্র বলেও দাবি করেন তিনি।

সোনারগাঁ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল বারিক জানান, অপরাধীর রাজনৈতিক পরিচয় বা বিয়ের দিন দেখার কোনো সুযোগ নেই; আইন নিজস্ব গতিতে চলবে। মদসহ আটক যুবকের বিরুদ্ধে মাদক আইনে মামলা রুজু করে আদালতে সোপর্দ করা হয়েছে।

এআইএল/সকালবেলা