খুলনায় অবৈধ অটোরিকশা উচ্ছেদে যৌথ অভিযান
সরদার সাইদী হাসান বাবু (খুলনা ব্যুরো): খুলনা মহানগরীতে অবৈধ অটোরিকশার চলাচল নিয়ন্ত্রণ এবং যানজট নিরসনে বিশেষ যৌথ অভিযান পরিচালনা করেছে খুলনা সিটি করপোরেশন (কেসিসি) ও খুলনা মেট্রোপলিটন পুলিশ (কেএমপি)।
বৃহস্পতিবার (২৯ অক্টোবর) থেকে শুরু হওয়া এই অভিযানের মাধ্যমে নগরীর বিভিন্ন গুরুত্বপূর্ণ মোড় ও সড়কে অবৈধভাবে চলাচলকারী অটোরিকশাগুলো আটক ও জব্দ করা হচ্ছে।
সংশ্লিষ্ট সূত্র জানায়, দীর্ঘদিন ধরে খুলনা নগরীতে লাইসেন্সবিহীন ও ফিটনেসবিহীন অটোরিকশার সংখ্যা অস্বাভাবিক হারে বেড়ে যাওয়ায় যানজট ও সড়ক দুর্ঘটনার ঝুঁকি তৈরি হচ্ছিল। নগরীর সড়কে শৃঙ্খলা ফিরিয়ে আনা, যান চলাচল স্বাভাবিক রাখা এবং অবৈধ অটোরিকশার দৌরাত্ম্য নিয়ন্ত্রণের লক্ষ্যেই কেসিসি এই উদ্যোগ গ্রহণ করেছে।
অভিযান পরিচালনাকালে কেসিসির নির্বাহী ম্যাজিস্ট্রেট ও কেএমপির ট্রাফিক বিভাগের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। এ সময় আইনশৃঙ্খলা রক্ষা ও অভিযানে বাঘাদানকারীদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়ার জন্য পুলিশ সদস্যরা সক্রিয় ভূমিকা পালন করেন।
কেসিসির কর্মকর্তারা জানান, নগরীর যানজট কমানো ও সড়কে শৃঙ্খলা প্রতিষ্ঠায় এটি একটি ধারাবাহিক প্রক্রিয়া হিসেবে চলমান থাকবে। অবৈধ যানবাহন চলাচল বন্ধ থাকলে নগরবাসীর যাতায়াত সহজ হবে বলে তারা আশা প্রকাশ করেন। সাধারণ নগরবাসীও এই উদ্যোগকে ইতিবাচকভাবে স্বাগত জানিয়েছেন।
এআইএল/সকালবেলা