বিশুদ্ধ অন্তর ও তাকওয়া লাভে মহানবীর শেখানো বিশেষ দোয়া
অনলাইন ডেস্ক: মানুষের প্রকৃত সৌন্দর্য তার বাহ্যিক শারীরিক অবয়বে নয়, বরং তার অন্তরের পবিত্রতা, তাকওয়া (আল্লাহভীতি) ও উত্তম চরিত্রের মাঝে নিহিত। অন্তর পবিত্র হলে মানুষের চিন্তা-চেতনা সুন্দর হয়, কর্মে সততা আসে এবং জীবনে আল্লাহর প্রতি ভালোবাসা ও আনুগত্যের পরিপূর্ণ প্রতিফলন ঘটে।
তবে মানুষের মনে প্রায়শই অহংকার, হিংসা, লোভ, আত্মগর্ব ও নফসের নানা কুপ্রবৃত্তি জায়গা করে নেয়। তাই অন্তরকে এসব আত্মিক ব্যাধি ও অনিষ্ট থেকে মুক্ত রাখতে সচেষ্ট হওয়া প্রত্যেক মুমিনের কর্তব্য। এই উদ্দেশ্যে মহান প্রিয় নবী হযরত মুহাম্মদ (সা.) উম্মতকে অত্যন্ত কার্যকরী ও সুন্দর একটি দোয়া শিক্ষা দিয়েছেন।
দোয়া, উচ্চারণ ও অর্থ:
দোয়াটি হলো—اللَّهُمَّ آتِ نَفْسِي تَقْوَاهَا، وَزَكِّهَا أَنْتَ خَيْرُ مَنْ زَكَّاهَا، أَنْتَ وَلِيُّهَا وَمَوْلَاهَا
উচ্চারণ:আল্লাহুম্মা আতি নাফসি তাকওয়াহা, ওয়া যাক্কিহা, আনতা খাইরু মান যাক্কাহা, আনতা ওয়ালিইয়ুহা ওয়া মাওলাহা।
অর্থ:"হে আল্লাহ! আমার নফসকে তাকওয়া দান করুন এবং তাকে পবিত্র করুন। আপনিই সর্বোত্তম পবিত্রকারী। আপনিই তার অভিভাবক ও প্রভু।"
প্রখ্যাত সাহাবি হজরত জায়েদ ইবনে আরকাম (রা.) থেকে বর্ণিত হয়েছে যে, প্রিয় নবী রাসুলুল্লাহ (সা.) নিয়মিত অত্যন্ত গুরুত্বের সঙ্গে এই দোয়াটি পাঠ করতেন (সহিহ মুসলিম, হাদিস: ২৭২২)। মহান রাব্বুল আলামিন আল্লাহ তাআলা আমাদের সবাইকে সব ধরনের কুপ্রবৃত্তি থেকে বাঁচিয়ে তাকওয়াপূর্ণ জীবন, বিশুদ্ধ অন্তর ও পরিশুদ্ধ নফস দান করুন—আমিন।
সকালবেলা / নুসরাত