টেকনাফে সংবাদকর্মীকে অপহরণ ও প্রাণনাশের হুমকি

প্রকাশ: শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬, ১২:৫৭ অপরাহ্ণ
টেকনাফে সংবাদকর্মীকে অপহরণ ও প্রাণনাশের হুমকি

টেকনাফ প্রতিনিধি: কক্সবাজারের উখিয়ায় এক নির্যাতিত ও অসহায় নারীর ওপর অন্যায়-অবিচারের চিত্র সংবাদমাধ্যমে তুলে ধরতে গিয়ে চরম প্রাণনাশের হুমকির মুখে পড়েছেন স্থানীয় এক সংবাদকর্মী। অভিযুক্ত ব্যক্তিরা তাঁকে মুঠোফোনে হত্যার হুমকি দেওয়ার পাশাপাশি অপহরণ করে নিয়ে যাওয়ার এবং দেখে নেওয়ার হুমকি দিয়েছে বলে গুরুতর অভিযোগ উঠেছে।

ঘটনার বিবরণ থেকে জানা যায়, সমাজ ও দেশের নানা অনিয়ম-দুর্নীতি প্রকাশ এবং অসহায় মানুষের অধিকার রক্ষায় কাজ করতে গিয়ে ভুক্তভোগী সংবাদকর্মী মিজবাহ উল্লাহ সম্প্রতি এক নির্যাতিত নারীর সাক্ষাৎকার ও সত্য ঘটনা নিয়ে সংবাদ প্রচারের উদ্যোগ নেন। এতে চরম ক্ষিপ্ত হয়ে অভিযুক্ত ব্যক্তিরা তাঁকে বিভিন্নভাবে ভয়ভীতি প্রদর্শন শুরু করেন। একপর্যায়ে মো. হেলাল ফোন করে অবিলম্বে সংবাদ সরিয়ে না ফেললে মিজবাহকে তুলে নিয়ে গিয়ে মেরে ফেলার হুমকি দেন।

অভিযুক্ত ব্যক্তিরা হলেন—মালয়েশিয়া প্রবাসী মোহাম্মদ ফয়েজ, তাঁর ভাই সন্ত্রাসী ‘টুকাই’ জয়নাল উদ্দিন এবং সাবরাংয়ের বাসিন্দা প্রবাসী মো. হেলাল। এদের মধ্যে ফয়েজ ও জয়নাল উখিয়া উপজেলার জালিয়া পালং ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের বাসিন্দা বলে জানা গেছে।

অভিযোগ রয়েছে, পেশাগত দায়িত্ব পালনে বাঁধা দেওয়া এবং সত্য ঘটনা চাপা দিতেই অভিযুক্তরা স্বাধীন সাংবাদিকতায় নিয়োজিত ওই সংবাদকর্মীকে প্রাণনাশের হুমকিসহ গুরুতর পরিণতি ভোগের হুঁশিয়ারি দেয়।

ঘটনার পর থেকে চরম নিরাপত্তাহীনতায় ভোগা সংবাদকর্মী মিজবাহ উল্লাহ বিষয়টি স্থানীয় প্রশাসন ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কাছে অবহিত করেছেন। তিনি কক্সবাজারের জেলা প্রশাসক (ডিসি), জাতীয় গোয়েন্দা সংস্থা (এনএসআই) এবং প্রতিরক্ষা গোয়েন্দা মহাপরিদপ্তরের (ডিজিএফআই) ঊর্ধ্বতন কর্মকর্তাদের আশু হস্তক্ষেপ কামনা করে ঘটনার সুষ্ঠু ও নিরপেক্ষ তদন্তের দাবি জানিয়েছেন।

পাশাপাশি, স্বাধীন ও বস্তুনিষ্ঠ সাংবাদিকতার পরিবেশ রক্ষা এবং নিজের জীবন ও নিরাপত্তা নিশ্চিত করতে অভিযুক্ত ফয়েজ, জয়নাল উদ্দিন ও হেলালের বিরুদ্ধে দ্রত আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে জোর দাবি জানিয়েছেন ভুক্তভোগী সাংবাদিক।

এআইএল/সকালবেলা