বৃষ্টি কবে হতে পারে, জানাল আবহাওয়া অধিদপ্তর
অনলাইন ডেস্ক: আগামী তিন দিন পর বঙ্গোপসাগরে সৃষ্ট সম্ভাব্য লঘুচাপের প্রভাবে দেশের দক্ষিণ ও উপকূলীয় বিভিন্ন এলাকায় হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে বলে পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর।
আজ বৃহস্পতিবার (২২ অক্টোবর ২০২৬) বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তরের আবহাওয়াবিদ মো. তরিফুল নেওয়াজ কবির স্বাক্ষরিত আবহাওয়ার বিজ্ঞপ্তিতে জানানো হয়, বর্তমানে ভারতের তামিলনাড়ু উপকূলের অদূরে দক্ষিণ-পশ্চিম বঙ্গোপসাগরে একটি লঘুচাপ অবস্থান করছে, যার বর্ধিতাংশ উত্তর বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত রয়েছে। এর পাশাপাশি আগামী ২৪ ঘণ্টার মধ্যে দক্ষিণ-পূর্ব বঙ্গোপসাগর এবং তৎসংলগ্ন পূর্ব-মধ্য বঙ্গোপসাগর এলাকায় নতুন একটি লঘুচাপ ঘনীভূত হওয়ার আশঙ্কা সৃষ্টি হয়েছে।
পূর্বাভাস অনুযায়ী, বৃহস্পতিবার সকাল ৯টা থেকে পরবর্তী ৭২ ঘণ্টা অর্থাৎ শনিবার পর্যন্ত সারা দেশের আকাশ আংশিক মেঘলাসহ আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে। এ সময় সারা দেশে দিন ও রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকলেও শনিবার থেকে রাতের তাপমাত্রা সামান্য হ্রাস পেতে পারে।
তবে রবিবার (২৫ অক্টোবর) থেকে আবহাওয়ায় পরিবর্তন আসবে। ওই দিন সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টার মধ্যে চট্টগ্রাম বিভাগের দু-এক জায়গায় বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। এর পরদিন সোমবার (২৬ অক্টোবর) খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের দু-এক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। ওই সময় সারা দেশে দিন ও রাতের তাপমাত্রা সামান্য বৃদ্ধি পেতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অফিস।
সকালবেলা / নুসরাত