ভোলায় গাছ কাটতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে দুই ভাইয়ের মৃত্যু

প্রকাশ: বৃহস্পতিবার, ২২ অক্টোবর ২০২৬, ০৬:২৫ অপরাহ্ণ
ভোলায় গাছ কাটতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে দুই ভাইয়ের মৃত্যু

বোরহানউদ্দিন (ভোলা) প্রতিনিধি: ভোলার বোরহানউদ্দিনে গাছ কাটার সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে আপন দুই ভাইয়ের মর্মান্তিক মৃত্যু হয়েছে। 

বৃহস্পতিবার (২২ অক্টোবর) দুপুর সাড়ে ১২টার দিকে কাচিয়া ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের কালিরহাট এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত দুই ভাই হলেন—তজুমদ্দিন উপজেলার শম্ভুপুর ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের বাসিন্দা আলম বক্তার ছেলে আবদুল রহিম (৪০) ও রাকিব (৩০)। এ ঘটনায় সামান্য আহত হয়ে ভাগ্যক্রমে বেঁচে গেছেন তাঁদের বাবা আলম বক্তার।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, নিহত ব্যক্তিরা দীর্ঘদিন ধরে গাছ কাটার কাজ করে জীবিকা নির্বাহ করে আসছিলেন। ঘটনার দিন সকালে তজুমদ্দিন থেকে তিন ছেলেকে সঙ্গে নিয়ে আলম বক্তার তাঁর শ্যালক মো. আইয়ুব আলীর বাড়িতে গাছ কাটতে যান। কাজের একপর্যায়ে সেখানে ঝুলন্ত বা ছেঁড়া একটি বৈদ্যুতিক তার দেখতে পেয়ে তা সরাতে যান বাবা আলম বক্তার। এ সময় তিনি তাৎক্ষণিক বিদ্যুতায়িত হয়ে পড়েন। বাবাকে রক্ষায় নিচে থাকা এক ছেলে দ্রুত এগিয়ে এলে তিনিও বিদ্যুৎস্পৃষ্ট হন। পরবর্তীতে ভাইকে বাঁচাতে গাছে থাকা অপর ভাই নিচে নেমে এলে উভয় সহোদরই গুরুতর আহত ও সংজ্ঞাহীন হন।

স্থানীয় লোকজন তাঁদের দ্রুত উদ্ধার করে বোরহানউদ্দিন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক দুই ভাইকেই মৃত ঘোষণা করেন। তবে আলম বক্তার সামান্য আহত হলেও অলৌকিকভাবে প্রাণরক্ষা পান।

ঘটনার সত্যতা নিশ্চিত করে বোরহানউদ্দিন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আশ্রাফ আলী জানান, মর্মান্তিক এ ঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে।

এআইএল/সকালবেলা