এসএসসির টেস্ট পরীক্ষার তারিখ ঘোষণা

প্রকাশ: বৃহস্পতিবার, ২২ অক্টোবর ২০২৬, ০৬:০৮ অপরাহ্ণ
এসএসসির টেস্ট পরীক্ষার তারিখ ঘোষণা

স্টাফ রিপোর্টার: ২০২৭ সালের এসএসসি ও সমমানের পরীক্ষায় অংশ নিতে ইচ্ছুক শিক্ষার্থীদের নির্বাচনী (টেস্ট) পরীক্ষা আগামী ২৮ অক্টোবর থেকে ১০ নভেম্বরের মধ্যে সম্পন্ন করার নির্দেশ দেওয়া হয়েছে। এ পরীক্ষার ফল আগামী ১৫ নভেম্বরের মধ্যে প্রকাশ করতে হবে। সম্প্রতি এসএসসি পরীক্ষার ফরম পূরণ সংক্রান্ত এক বিজ্ঞপ্তিতে সব শিক্ষা বোর্ডকে এই নির্দেশনা দিয়েছে এনসিটিবি ও বোর্ড কর্তৃপক্ষ।

বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, জিপিএ উন্নয়ন (মানোন্নয়ন) পরীক্ষার্থী এবং বিগত এসএসসি পরীক্ষায় অকৃতকার্য হওয়া শিক্ষার্থীরা ছাড়া অন্য সব নিয়মিত পরীক্ষার্থীর জন্য নির্বাচনী পরীক্ষায় অংশগ্রহণ করা বাধ্যতামূলক করা হয়েছে।

পরীক্ষার পাঠ্যসূচির (সিলেবাস) বিষয়ে বিজ্ঞপ্তিতে বলা হয়, ২০২৭ সালের এসএসসি পরীক্ষায় নিয়মিত পরীক্ষার্থীদের ওই বছরের নির্ধারিত নতুন সিলেবাস অনুসারেই প্রণীত প্রশ্নপত্রে পরীক্ষা দিতে হবে। অন্যদিকে, অনিয়মিত ও মানোন্নয়ন পরীক্ষার্থীদের ক্ষেত্রে ২০২৫ ও ২০২৬ সালের এসএসসি পরীক্ষার সিলেবাস অনুযায়ী প্রণীত প্রশ্নপত্রে অংশ নিতে হবে।

এ ছাড়া শারীরিক শিক্ষা, স্বাস্থ্যবিজ্ঞান ও খেলাধুলা এবং ক্যারিয়ার এডুকেশন বিষয়ে সব শিক্ষাবর্ষের শিক্ষার্থীদের ধারাবাহিক মূল্যায়নের মাধ্যমে নম্বর নির্ধারণের বাধ্যবাধকতা রাখা হয়েছে। এ ক্ষেত্রে জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ডের (এনসিটিবি) সুনির্দিষ্ট নির্দেশিকা কঠোরভাবে অনুসরণ করতে হবে।

বোর্ডের নির্দেশনা অনুযায়ী, সংশ্লিষ্ট শিক্ষাপ্রতিষ্ঠানগুলো ধারাবাহিক মূল্যায়নে প্রাপ্ত নম্বর নিজ নিজ পরীক্ষা কেন্দ্রে সরবরাহ করবে। পরবর্তীতে কেন্দ্রগুলো ব্যবহারিক পরীক্ষার নম্বরের সঙ্গে এই ধারাবাহিক মূল্যায়নের নম্বর বোর্ডের নির্ধারিত ওয়েবসাইটের মাধ্যমে অনলাইনে পাঠাবে। একই সঙ্গে ব্যবহারিক পরীক্ষা ও ধারাবাহিক মূল্যায়নের ম্যানুয়ালি বা হাতে লেখা মূল নম্বরফর্দ সরাসরি মাধ্যমিক পরীক্ষা শাখায় জমা দিতে হবে।

শিক্ষা বোর্ড কর্তৃপক্ষ সংশ্লিষ্ট শিক্ষাপ্রতিষ্ঠানগুলোকে নির্ধারিত সময়সীমার মধ্যে নির্বাচনী পরীক্ষা সমাপ্ত করে দ্রুত ফলাফল প্রকাশ এবং ফরম পূরণের নিয়মাবলি শতভাগ মেনে চলার জন্য নির্দেশ দিয়েছে।

এআইএল/সকালবেলা