কটিয়াদীতে ১৮ মামলার আসামি গ্রেপ্তার

প্রকাশ: বৃহস্পতিবার, ২২ অক্টোবর ২০২৬, ০২:৩০ অপরাহ্ণ
কটিয়াদীতে ১৮ মামলার আসামি গ্রেপ্তার

মিজানুর রহমান (কটিয়াদী, কিশোরগঞ্জ): কিশোরগঞ্জের কটিয়াদীতে চুরি, ডাকাতি ও মাদকসহ বিভিন্ন অপরাধের ১৮টি মামলার আসামি সাজন ঘোষকে (৩২) গ্রেপ্তার করেছে কটিয়াদী মডেল থানা পুলিশ।

বুধবার (২১ অক্টোবর) রাতে কটিয়াদী পৌরসভার ভোগপাড়া এলাকা থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়। তিনি পৌর এলাকার ঘোষপাড়া গ্রামের হরি ঘোষের ছেলে।

পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে পরিচালিত অভিযানকালে সাজন ঘোষকে গ্রেপ্তার করা হয়। তাঁর বিরুদ্ধে গাজীপুর, টাঙ্গাইল, কিশোরগঞ্জ সদর, ভৈরব ও কটিয়াদী থানায় চুরি, ডাকাতি ও মাদকসহ বিভিন্ন অভিযোগে মোট ১৮টি মামলা রয়েছে।

পুলিশ আরও জানায়, তাঁর বিরুদ্ধে তিনটি মামলায় পাঁচ বছরের সশ্রম কারাদণ্ড ও চার হাজার টাকা অর্থদণ্ডের সাজা রয়েছে। অর্থদণ্ড অনাদায়ে এক মাসের বিনাশ্রম কারাদণ্ডের আদেশসহ তাঁর বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানাও ছিল।

কটিয়াদী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রফিকুল ইসলাম গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করে জানান, পুলিশের বিশেষ অভিযানের মাধ্যমে তাঁকে গ্রেপ্তার করা হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে তাঁকে আদালতে পাঠানো হবে।

ওসি আরও জানান, সাধারণ মানুষের নিরাপত্তা নিশ্চিত করতে মাদক, ছিনতাই ও কিশোর গ্যাংয়ের বিরুদ্ধে পুলিশের বিশেষ অভিযান অব্যাহত থাকবে। থানার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে পুলিশ নিয়মিত কাজ করছে।

এআইএল/সকালবেলা