কিশোরগঞ্জে নিষিদ্ধ ছাত্রলীগের কমিটিতে পর্ন মামলার আসামি
প্রকাশ: বৃহস্পতিবার, ২২ অক্টোবর ২০২৬, ০৭:১১ অপরাহ্ণ
সকালবেলা অনলাইন: নিষিদ্ধঘোষিত জেলা ছাত্রলীগের নতুন ঘোষিত পূর্ণাঙ্গ কমিটিতে পর্নগ্রাফি নিয়ন্ত্রণ আইনে দায়েরকৃত মামলার এক আসামিকে যুগ্ম সাধারণ সম্পাদকের পদ দেওয়া নিয়ে তোলপাড় সৃষ্টি হয়েছে। বিতর্কিত এই নেতার নাম মো. নাজমুল হোসাইন।
দলীয় সূত্রে জানা যায়, নাজমুল হোসাইন কিশোরগঞ্জ জেলা ছাত্রলীগ কমিটির সভাপতি আনোয়ার হোসেন মোল্লা সুমনের আপন ভাগিনা। ঘটনাচক্রে, ওই পর্নগ্রাফি মামলার অন্যতম আসামি খোদ জেলা ছাত্রলীগের সভাপতি সুমন নিজেও।
পর্নগ্রাফি মামলার মতো স্পর্শকাতর অপরাধের অভিযোগে অভিযুক্ত আসামিকে দায়িত্বশীল সাংগঠনিক পদে আনায় স্থানীয় নেতাকর্মী ও সচেতন মহলের মধ্যে তীব্র ক্ষোভ ও অসন্তোষ দেখা দিয়েছে। তারা এটিকে দলীয় শৃঙ্খলার অবক্ষয় এবং বিতর্কিত ব্যক্তিদের পুনর্বাসনের প্রচেষ্টা হিসেবে দেখছেন।
এআইএল/সকালবেলা