বিএনপি ক্ষমতায় থাকলে সব ধর্মের মানুষ নিরাপদে থাকে: রাশেদ খাঁন
বিশেষ প্রতিবেদক: বিএনপি ক্ষমতায় থাকলে দেশের সব ধর্মের মানুষ নিরাপদে থাকে, এটি আবারও প্রমাণিত হয়েছে বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী রাশেদ খাঁন। তিনি অভিযোগ করে বলেন, বিগত ফ্যাসিবাদী জমানায় কেবল রাজনৈতিক ফায়দা হাসিল ও আওয়ামী লীগের প্রভু রাষ্ট্রের আশীর্বাদ পেতেই দেশের বিভিন্ন মন্দিরে পরিকল্পিতভাবে হামলা চালানো হতো।
মঙ্গলবার (২১ অক্টোবর) দিবাগত রাতে নিজের ভেরিফাইড ফেসবুক আইডিতে দেওয়া এক পোস্টে এসব কথা বলেন রাশেদ খাঁন।
পোস্টে তিনি উল্লেখ করেন, বাংলাদেশের ইতিহাসে এবারই প্রথম অত্যন্ত সুন্দর, সুশৃঙ্খল ও পূর্ণ নিরাপত্তার মধ্য দিয়ে দেশব্যাপী সনাতন ধর্মাবলম্বী ভাই-বোনেরা তাঁদের সর্ববৃহৎ ধর্মীয় উৎসব দুর্গাপূজা উদ্যাপন করেছেন।
রাশেদ খাঁন আরও বলেন, "প্রধানমন্ত্রী তারেক রহমানের দূরদর্শী নেতৃত্বে এভাবেই হিন্দু, মুসলিম, বৌদ্ধ ও খ্রিস্টানসহ সব ধর্ম ও গোষ্ঠীর মানুষ নিরাপদে বসবাস করবে, স্বাচ্ছন্দ্যে নিজের ধর্ম পালন করবে এবং উৎসব ফুর্তি করবে।" এ সময় সুন্দর ও শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখার জন্য তিনি স্বরাষ্ট্রমন্ত্রীকেও বিশেষভাবে ধন্যবাদ জানান।
তিনি আরও মন্তব্য করেন, স্বরাষ্ট্রমন্ত্রীর সঠিক দিকনির্দেশনা ও তত্ত্বাবধানে পুলিশ, সাধারণ প্রশাসন, এসআরবি, আনসার-ভিডিপিসহ দেশের সব আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা অক্লান্ত পরিশ্রম করে এবং রাত জেগে পাহারা দিয়ে অপশক্তির সমস্ত চক্রান্ত ও ষড়যন্ত্র নস্যাৎ করে দিয়েছে।
এআইএল/সকালবেলা