আমির হামজার প্রার্থিতা বাতিলের দাবি জানিয়ে ইসিতে আবেদন
কাঞ্চন কুমার (কুষ্টিয়া): কুষ্টিয়া-৩ (সদর) আসনে জামায়াত থেকে নির্বাচিত সংসদ সদস্য ও আলোচিত ইসলামী বক্তা মুফতি আমির হামজার দাখিলকৃত নির্বাচনী হলফনামা ও আর্থিক তথ্যে অসঙ্গতি, তথ্য গোপন এবং মিথ্যা তথ্য প্রদানের অভিযোগ এনে তাঁর প্রার্থিতা অবৈধ ও নির্বাচন বাতিল ঘোষণার দাবি জানিয়ে প্রধান নির্বাচন কমিশনার বরাবর আবেদন করা হয়েছে।
কুষ্টিয়া ইসলামী বিশ্ববিদ্যালয়ের সাবেক ছাত্রদল নেতা মো. সিরাজুল ইসলাম গত সোমবার (৩ নভেম্বর) নির্বাচন কমিশন সচিবালয়ের নির্বাচন ভবনে এই আবেদন জমা দেন।
আবেদনকারী মো. সিরাজুল ইসলামের দাবি, নির্বাচিত প্রার্থী মুফতি আমির হামজার দাখিল করা নির্বাচনী হলফনামা এবং আয়কর রিটার্নের তথ্যের সঙ্গে বিভিন্ন আর্থিক ও সম্পত্তিসংক্রান্ত নথির মিল নেই। আবেদনে ব্যাংক হিসাবের স্থিতি, ওয়াজ মাহফিল ও হাসপাতাল থেকে প্রাপ্ত সম্মানী, নগদ অর্থ, কৃষিজমি ও আবাসিক সম্পত্তি, স্ত্রীর সম্পদ, গাড়ি, বাড়িভাড়া, পারিবারিক ব্যয় এবং নির্বাচনী ব্যয়ের হিসাব নিয়ে সুনির্দিষ্ট কয়েকটি প্রশ্ন ও অনিয়মের অভিযোগ তোলা হয়েছে।
প্রধান অভিযোগগুলোর মধ্যে রয়েছে— ২০২৫ সালের ৩০ জুন ব্যাংক হিসাবে প্রায় ৬৮ লাখ ২৬ হাজার ৯৯৭ টাকা থাকলেও আয়কর রিটার্ন ও নির্বাচনী হলফনামায় তা শূন্য বা অনুপস্থিত দেখানো হয়েছে। এ ছাড়া হলফনামা ও আয়কর রিটার্নে নগদ অর্থের পরিমাণেও বড় ধরনের গরমিল রয়েছে। প্রতি জুমার নামাজে আদ-দ্বীন হাসপাতাল থেকে ১ লাখ টাকা এবং ওয়াজ মাহফিল থেকে ৩ থেকে ৫ লাখ টাকা সম্মানী পাওয়ার বিষয়টি হলফনামা ও আয়কর রিটার্নে উল্লেখ করা হয়নি। স্ত্রীর কৃষিজমি ও প্লটের পরিমাণের সঙ্গে আয়কর রিটার্নের তথ্যের মিল নেই। কুষ্টিয়া শহরে ৫.৪১ শতাংশ আবাসিক প্লট এবং চুয়াডাঙ্গার জীবননগরে জমি কেনার তথ্যও হলফনামায় গোপন করা হয়েছে বলে অভিযোগ করা হয়েছে। হলফনামায় ২৫ লাখ ২৫ হাজার টাকার গাড়ির উল্লেখ থাকলেও আয়কর রিটার্নে তা গোপন করা হয়। এ ছাড়া নির্ধারিত নির্বাচনী ব্যয়সীমা অতিক্রম করে প্রায় ৭২ লাখ টাকা ব্যয় করা হয়েছে বলে দাবি করা হয়েছে।
গণপ্রতিনিধিত্ব আদেশ, ১৯৭২-এর ধারা ১২(৩খ) ও ৯১(ক)-এর বিধান অনুযায়ী দাখিলকৃত অভিযোগ তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়ার অনুরোধ জানিয়েছেন আবেদনকারী।
এদিকে এই অভিযোগের বিষয়ে মন্তব্য জানার জন্য একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও সংসদ সদস্য মুফতি আমির হামজার সঙ্গে কথা বলা সম্ভব হয়নি।
এআইএল/সকালবেলা