হাসিনার মৃত্যুদণ্ডের রায়ের বাস্তবায়ন চাই: এমপি বাবুল
উপজেলা প্রতিনিধি (মাদারগঞ্জ, জামালপুর): সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে এনে খুন ও দুর্নীতির দায়ে আদালতের দেওয়া মৃত্যুদণ্ডের রায় কার্যকর করার দাবি জানিয়েছেন জামালপুর-৩ আসনের সংসদ সদস্য মোস্তাফিজুর রহমান বাবুল।
রোববার (৮ নভেম্বর) বিকেলে জামালপুরের মাদারগঞ্জ উপজেলার বালিজুড়ী এফ এম উচ্চ বিদ্যালয় মাঠে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে উপজেলা ও পৌর বিএনপি আয়োজিত এক বিশাল সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
এমপি মোস্তাফিজুর রহমান বাবুল বলেন, "ডিসেম্বরে শেখ হাসিনা বাংলাদেশে ফিরে আসতে চায়। আমরাও চাই তাকে বাংলাদেশে ফিরিয়ে আনা হোক। তাঁর বিরুদ্ধে খুনের দায়ে মৃত্যুদণ্ডের রায় হয়েছে। ভারত যেন তাঁকে অবিলম্বে বাংলাদেশে ফেরত দেয়। দেশে ফিরিয়ে এনে খুন, দুর্নীতি ও লুটপাটের দায়ে আদালতের দেওয়া দণ্ডাদেশ বাস্তবায়ন আমরা দেখতে চাই।"
তারেক রহমানের নেতৃত্বাধীন সরকারকে অচল করে দেওয়া এবং দেশের স্বাধীনতা বিপন্ন করার জন্য সীমান্তের ওপারে বসে ষড়যন্ত্র চলছে উল্লেখ করে তিনি বলেন, "দেশের ভেতরে অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টি এবং নৈরাজ্য সৃষ্টির অপচেষ্টা চালানো হচ্ছে।" এ সময় তিনি আরও বলেন, দেশব্যাপী নানা অনিয়ম, দুর্নীতি ও সন্ত্রাসী কর্মকাণ্ডের কারণে বাংলাদেশ আওয়ামী লীগ রাজনৈতিক নৈতিকতা হারিয়েছে এবং এ দেশে দলটির আর রাজনীতি করার কোনো সুযোগ নেই।
মাদারগঞ্জ উপজেলা বিএনপির সভাপতি অ্যাডভোকেট মঞ্জুর কাদের বাবুল খানের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক মিজানুর রহমান রতনের সঞ্চালনায় সমাবেশে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মাসুদ খান, পৌর বিএনপির সভাপতি আব্দুল গফুর, উপজেলা বিএনপির সিনিয়র সহসভাপতি আব্দুল মান্নান, পৌর বিএনপির সাধারণ সম্পাদক খালেদ মাসুদ তালুকদার সোহেল ও পৌর বিএনপির সিনিয়র সহসভাপতি রকিব লিটন।
সমাবেশকে কেন্দ্র করে দুপুর থেকেই খণ্ড খণ্ড মিছিল নিয়ে হাজার হাজার নেতাকর্মী সভাস্থলে যোগ দেন। একপর্যায়ে বিদ্যালয় মাঠ ছাপিয়ে আশপাশের সড়কগুলোতেও নেতাকর্মীদের উপচে পড়া ভিড় লক্ষ্য করা যায়।
এআইএল/সকালবেলা