তুরস্কের প্রেসিডেন্টের সঙ্গে আজ বৈঠকে বসছেন প্রধানমন্ত্রী তারেক রহমান
অনলাইন ডেস্ক: জাতিসংঘের জলবায়ু পরিবর্তনবিষয়ক শীর্ষ সম্মেলন ‘কপ-৩১’-এ অংশ নিতে তুরস্ক পৌঁছানোর পর আজই দেশটির প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ানের সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠকে বসছেন বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমান। দুই নেতার এই উচ্চপর্যায়ের বৈঠকটি আন্তর্জাতিক অঙ্গনে বেশ গুরুত্ব বহন করছে।
প্রধানমন্ত্রীর নির্ধারিত সফরসূচি অনুযায়ী, স্থানীয় সময় আজ মঙ্গলবার সন্ধ্যা ৬টা ৩০ মিনিটে আনতালিয়ার ম্যাক্স রয়্যাল হোটেলের সভাকক্ষে এই বৈঠক অনুষ্ঠিত হবে। বৈঠকে দুই দেশের মধ্যে দ্বিপক্ষীয় বাণিজ্য ও বিনিয়োগ বৃদ্ধির পাশাপাশি শিক্ষা, প্রযুক্তি এবং জলবায়ু পরিবর্তন মোকাবিলাসহ গুরুত্বপূর্ণ বিভিন্ন খাতে পারস্পরিক সহযোগিতা আরও দৃঢ় করার উপায় নিয়ে আলোচনা করবেন দুই শীর্ষ নেতা। এছাড়া আঞ্চলিক ও আন্তর্জাতিক ভূ-রাজনীতিসহ পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট নানা বিষয়ও তাদের আলোচনায় স্থান পাওয়ার কথা রয়েছে।
এর আগে ৩১তম জলবায়ু সম্মেলনে যোগ দিতে মঙ্গলবার সকালে তিন দিনের সফরে তুরস্কের উদ্দেশে ঢাকা ছাড়েন প্রধানমন্ত্রী তারেক রহমান। প্রধানমন্ত্রীর উপ-প্রেস সচিব হাসান শিপলু জানান, প্রধানমন্ত্রী, তাঁর সহধর্মিণী ডা. জুবাইদা রহমান এবং অন্যান্য সফরসঙ্গীদের বহনকারী টার্কিশ এয়ারলাইনসের একটি বিশেষ ফ্লাইট সকাল ৭টা ৩০ মিনিটে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর ত্যাগ করে। ফ্লাইটটি ইস্তাম্বুলে সংক্ষিপ্ত যাত্রাবিরতি শেষে স্থানীয় সময় বিকেল ৪টা ৫ মিনিটে আনতালিয়া বিমানবন্দরে এসে পৌঁছায়। সেখানে বিমানবন্দরে বাংলাদেশের প্রধানমন্ত্রীকে উষ্ণ অভ্যর্থনা জানানো হয়। জলবায়ু সম্মেলনে বাংলাদেশের জোরালো দাবির পাশাপাশি এই দ্বিপাক্ষিক বৈঠক দুই দেশের সম্পর্ককে নতুন উচ্চতায় নিয়ে যাবে বলে আশা করা হচ্ছে।
সকালবেলা /