নাগরপুরে আট দলীয় ফুটবল টুর্নামেন্ট শুরু

প্রকাশ: সোমবার, ০৯ নভেম্বর ২০২৬, ০৮:১৫ অপরাহ্ণ
নাগরপুরে আট দলীয় ফুটবল টুর্নামেন্ট শুরু

রিপন খান রবিন (নাগরপুর, টাঙ্গাইল): টাঙ্গাইলের নাগরপুর উপজেলার মামুদনগর কেন্দ্রীয় খেলার মাঠে শুরু হয়েছে ‘চারাবাগ আট দলীয় ফুটবল টুর্নামেন্ট ২০২৬’। 

সোমবার (৯ নভেম্বর) বিকেলে চারাবাগ গ্রামবাসীর সার্বিক সহযোগিতায় এ টুর্নামেন্টের উদ্বোধনী ম্যাচ অনুষ্ঠিত হয়। উদ্বোধনী ম্যাচে মুখোমুখি হয় রেহাই পুখুরিয়া যুব সংঘ ও ভূগোল হাট অগ্নিসেনা স্পোর্টিং ক্লাব।

আবু আহমেদ কাশেমের সভাপতিত্বে এবং শুভ সরকারের পরিচালনায় উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নাগরপুর উপজেলা শ্রমিক দলের সভাপতি, নাগরপুর সরকারি কলেজের সাবেক ভিপি ও উপজেলা পরিষদের চেয়ারম্যান পদপ্রার্থী আরিফুল ইসলাম নবা। খেলাটির আনুষ্ঠানিক উদ্বোধন করেন উপজেলা ছাত্রদলের আহ্বায়ক মীর খালিদ মাহবুব রাসেল।

এ সময় উদ্বোধনী ম্যাচে আরও উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সদস্য সুমন শিকদার, সুরুজ মিয়া, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব শহিদুল ইসলাম মনিরসহ অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মী এবং স্থানীয় রাজনৈতিক, সামাজিক ও ক্রীড়াঙ্গনের বিশিষ্ট ব্যক্তিবর্গ।

উদ্বোধনী খেলায় ভূগোল হাট অগ্নিসেনা স্পোর্টিং ক্লাব ১-০ গোলে রেহাই পুখুরিয়া যুব সংঘকে পরাজিত করে জয়লাভ করে। তরুণ প্রজন্মকে সুস্থ বিনোদন ও ক্রীড়ামুখী করতে এবং মাদকসহ বিভিন্ন সামাজিক অপরাধ থেকে দূরে রাখতে এ ধরনের আয়োজন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে মনে করছেন স্থানীয়রা। টুর্নামেন্টটি ঘিরে স্থানীয় ক্রীড়াপ্রেমীদের মাঝে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা লক্ষ্য করা গেছে।

এআইএল/সকালবেলা