বৃষ্টিতে পরিত্যক্ত ভারত-নিউজিল্যান্ড তৃতীয় ওয়ানডে
অনলাইন ডেস্ক : নিউজিল্যান্ডের বিপক্ষে চলমান ওয়ানডে সিরিজে হার এড়ানো নিশ্চিত করেছে সফরকারী ভারত। হ্যামিল্টনের সেডন পার্কে সিরিজের তৃতীয় ম্যাচটি টানা বৃষ্টির কারণে পরিত্যক্ত ঘোষণা করা হয়েছে। এর ফলে দুই ম্যাচ হাতে রেখেই ২-০ ব্যবধানে সিরিজে এগিয়ে রয়েছে ভারতীয় দল।
গত দুই দিন ধরেই আবহাওয়া অনুকূলে ছিল না। ম্যাচের দিনও বৃষ্টির কারণে নির্ধারিত সময়ে টস ও খেলা শুরু করা সম্ভব হয়নি। পরে বৃষ্টি থামলে আম্পায়াররা মাঠ পরিদর্শন করেন এবং দুই ইনিংস কমিয়ে ৪০ ওভার করে খেলার সিদ্ধান্ত নেওয়া হয়। টস জিতে প্রথমে বোলিংয়ের সিদ্ধান্ত নেন ভারতীয় অধিনায়ক শুবমান গিল। কিন্তু খেলোয়াড়েরা মাঠে নামার প্রস্তুতি নেওয়ার আগেই পুনরায় মুষলধারে বৃষ্টি শুরু হয়। কভার দিয়ে মাঠ সুরক্ষিত রাখার চেষ্টা করা হলেও আবহাওয়ার উন্নতি না হওয়ায় স্থানীয় সময় সন্ধ্যা পৌনে ৭টার দিকে ম্যাচটি আনুষ্ঠানিকভাবে পরিত্যক্ত ঘোষণা করেন আম্পায়াররা। এই ম্যাচে ভারতের একাদশে কোনো পরিবর্তন আনা না হলেও নিউজিল্যান্ড দলে ব্লেয়ার টিকনারের পরিবর্তে ম্যাথু ফিশারকে অন্তর্ভুক্ত করা হয়েছিল।
সিরিজে টিকে থাকতে হলে স্বাগতিক নিউজিল্যান্ডকে এখন শেষ দুটি ম্যাচেই জয়ের বিকল্প নেই। মাউন্ট মঙ্গানুইয়ের বে ওভালে অনুষ্ঠিত হবে সিরিজের বাকি ম্যাচগুলো। তবে আসন্ন টেস্ট সিরিজের কথা মাথায় রেখে শেষ দুই ম্যাচে দুই দলই তাদের বেশ কয়েকজন নিয়মিত তারকা খেলোয়াড়কে বিশ্রামে রাখছে। নিউজিল্যান্ড দলে ড্যারিল মিচেল, গ্লেন ফিলিপস, হেনরি নিকলস, টম ল্যাথাম ও নাথান স্মিথকে পাওয়া যাবে না। অন্যদিকে, ভারতের পক্ষে টেস্ট সিরিজের প্রস্তুতি নিতে শেষ দুই ওয়ানডে ম্যাচ থেকে নিজেদের সরিয়ে নিয়েছেন অধিনায়ক শুবমান গিল ও অভিজ্ঞ ব্যাটার লোকেশ রাহুল।
সকালবেলা /নুসরাত