সিলিন্ডার গ্যাসের বাড়তি দাম নিয়ন্ত্রণে আরও সতর্ক হতে হবে: তথ্য উপদেষ্টা
অনলাইন ডেস্ক : সরকারের নির্ধারিত দামের চেয়ে অনেক বেশি দামে সিলিন্ডার গ্যাস বিক্রির বিষয়টি অকপটে স্বীকার করে নিয়েছেন প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচার উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান। তিনি জানিয়েছেন, বাজার তদারকি এবং নির্ধারিত দাম সঠিকভাবে বাস্তবায়নের ক্ষেত্রে সরকারকে আরও অনেক বেশি সতর্ক হতে হবে।
মঙ্গলবার (১০ নভেম্বর ২০২৬) সচিবালয়ে সরকারের নিয়মিত ব্রিফিংয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।
সংবাদ সম্মেলনে সাংবাদিকরা প্রশ্ন করেন যে, সরকারের নির্ধারিত দামে বাজারে এলপিজি বা সিলিন্ডার গ্যাস পাওয়া যাচ্ছে না এবং ক্ষেত্রবিশেষে সরকার নির্ধারিত দামের চেয়ে ৫০০ থেকে ৬০০ টাকা, এমনকি কোথাও কোথাও ৭০০ থেকে ১ হাজার টাকা পর্যন্ত বেশি নেওয়া হচ্ছে। এর জবাবে তথ্য উপদেষ্টা বলেন, বাজারে সরকার যে দামকে যৌক্তিক মনে করছে, কিছু কিছু জায়গায় তার চেয়ে বেশি দামে গ্যাস বিক্রি হচ্ছে। এর পেছনে সরবরাহের ক্ষেত্রে কিছুটা সমস্যা বা সংকট থাকতে পারে। এছাড়া আন্তর্জাতিক বাজারে জ্বালানির দাম বাড়ার আশঙ্কা থেকেও আমদানিকারকরা এমন পরিস্থিতি তৈরি করতে পারে বলে মনে করেন তিনি।
ডা. জাহেদ উর রহমান বলেন, “আমি এটার সঙ্গে সম্পূর্ণ একমত যে, বাজার তদারকি থেকে শুরু করে নির্ধারিত দামটা বাজারে কার্যকর করা উচিত এবং সেটা আমাদের মনিটরিংয়েও রয়েছে। এ নিয়ে এর আগে ডিসিদের সঙ্গে আমাদের মন্ত্রণালয়ের বৈঠকও হয়েছে। তবে এরপরও যদি কাঙ্ক্ষিত ফল না আসে, তবে সেটির ব্যাপারে আমাদের অবশ্যই আরও সতর্ক হতে হবে।”
হঠাৎ চালের দাম বেড়ে যাওয়ার বিষয়ে তদারকির ঘাটতি রয়েছে কি না—এমন প্রশ্নের জবাবে তথ্য উপদেষ্টা বলেন, কেবল পুলিশ পাঠিয়ে বাজার নিয়ন্ত্রণ করা বা শুধু মনিটরিং করে সব সময় কার্যকর ফল পাওয়া যায় না। বাজার অর্থনীতিতে এর প্রকৃত সমাধান হলো বাজারে পণ্যের সরবরাহ বাড়ানো।
তিনি আরও জানান, সরকারের পক্ষ থেকে চালের বাফার স্টক বা মজুদ সক্ষমতা দ্বিগুণ করার একটি বড় উদ্যোগ নেওয়া হয়েছে এবং ইতিমধ্যেই এই কাজ শুরু হয়েছে। বাজারে সাপ্লাই বা সরবরাহ পর্যাপ্ত করতে পারলে দাম এমনিতেই নিয়ন্ত্রণে চলে আসবে বলে আশাবাদ ব্যক্ত করেন তিনি।