বিশ্ববাজারে টানা দ্বিতীয় দিন কমল তেলের দাম

প্রকাশ: মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ১২:১৩ অপরাহ্ণ
বিশ্ববাজারে টানা দ্বিতীয় দিন কমল তেলের দাম

অনলাইন ডেস্ক: মধ্যপ্রাচ্যে ভূরাজনৈতিক উত্তেজনা প্রশমনের স্পষ্ট আভাস এবং মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের পক্ষ থেকে ইরানে সামরিক হামলা আপাতত স্থগিত রাখার ঘোষণার পর আন্তর্জাতিক বাজারে টানা দ্বিতীয় দিনের মতো জ্বালানি তেলের দাম কমেছে। মঙ্গলবার আন্তর্জাতিক বাজারে তেলের এই নিম্নমুখী প্রবণতা বজায় রয়েছে।

বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদন অনুযায়ী, আন্তর্জাতিক বাজারে এদিন ব্রেন্ট ক্রুডের দাম ব্যারেলপ্রতি ৭০ সেন্ট বা শূন্য দশমিক ৭৫ শতাংশ কমে ৯১ ডলার ৮৮ সেন্টে নেমে এসেছে। একই সময়ে যুক্তরাষ্ট্রের অপরিশোধিত তেল ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েটের (ডব্লিউটিআই) দাম ৭৮ সেন্ট বা শূন্য দশমিক শূন্য ৯০ শতাংশ কমে ব্যারেলপ্রতি ৮৬ ডলার ৭ সেন্টে দাঁড়িয়েছে। দিনের লেনদেনের একপর্যায়ে উভয় ধরনের তেলের দাম ১ শতাংশ পর্যন্ত হ্রাস পেয়েছিল। এর আগের কার্যদিবসেও ব্রেন্ট ক্রুডের দাম ৫ দশমিক ৮৫ শতাংশ কমে গত ৩১ আগস্টের পর সর্বনিম্ন পর্যায়ে চলে গিয়েছিল।

গত সোমবার মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানান যে, কাতার ও সৌদি আরবসহ মধ্যপ্রাচ্যের কয়েকটি দেশের নেতৃবৃন্দের অনুরোধের পরিপ্রেক্ষিতে তিনি ইরানের বিরুদ্ধে নতুন করে সামরিক হামলা চালানোর পরিকল্পনা আপাতত স্থগিত রাখছেন। হোয়াইট হাউসে কাতারের প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকের পরই এই সিদ্ধান্ত প্রকাশ্যে আসে। ট্রাম্পের এই নমনীয় অবস্থান এবং মধ্যপ্রাচ্য সংঘাতের পারদ কিছুটা নামায় তেলের বাজার স্বস্তি ফিরে পেয়েছে বলে মনে করছেন বিশ্লেষকরা। কেসিএম ট্রেডের প্রধান বাজার বিশ্লেষক টিম ওয়াটারার জানান, মার্কিন মধ্যবর্তী নির্বাচনের পর ট্রাম্পের এই অবস্থান বাজারে বড় ধরনের ঝুঁকি তৈরি করা থেকে বিরত রেখেছে।

উল্লেখ্য, গত ৩০ অক্টোবর বিশ্ববাজারে ব্রেন্ট ক্রুডের দাম ছয় মাসের মধ্যে সর্বোচ্চ পর্যায়ে পৌঁছে ব্যারেলপ্রতি ১১৮ ডলারে উঠেছিল। সেখান থেকে বর্তমান বাজারমূল্য প্রায় ২২ শতাংশ কম। তবে হরমুজ প্রণালিতে যুক্তরাষ্ট্রের নৌ অবরোধ এবং জাহাজ চলাচলের ঝুঁকি পুরোপুরি কেটে না যাওয়ায় তেলের বাজার নিয়ে এখনো সতর্ক অবস্থানে রয়েছেন সংশ্লিষ্টরা।

সকালবেলা / নুসরাত