আসাদ নূরকেই বিয়ে করেছেন পারশা, প্রকাশ্যে এল বিয়ের আসল কারণ

প্রকাশ: মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ১১:৪৬ পূর্বাহ্ণ
আসাদ নূরকেই বিয়ে করেছেন পারশা, প্রকাশ্যে এল বিয়ের আসল কারণ

অনলাইন ডেস্ক: সংগীতশিল্পী ও জনপ্রিয় অভিনেত্রী পারশা মাহজাবীন পূর্ণীর বিয়ে নিয়ে বেশ কিছুদিন ধরেই সামাজিক যোগাযোগমাধ্যমে নানা গুঞ্জন ও আলোচনা-সমালোচনা চলছিল। বিয়ের পর সামাজিক মাধ্যমে প্রকাশ করা বিভিন্ন ছবি এবং ক্লু ঘিরে নেটিজেনদের মধ্যে তৈরি হয়েছিল নানা কৌতূহল। অবশেষে সব জল্পনা-কল্পনার অবসান ঘটিয়ে ব্লগার আসাদ নূরকে বিয়ের বিষয়টি নিশ্চিত করা হয়েছে।

সোমবার (৯ নভেম্বর ২০২৬) দিবাগত রাত সাড়ে ১২টার দিকে নিজের অফিসিয়াল ইউটিউব চ্যানেলে সরাসরি সম্প্রচারে এসে নিজেই এই বিয়ের খবর প্রকাশ্যে আনেন আসাদ নূর। একই সঙ্গে কেন তারা বিয়ের খবরটি এতদিন গোপন রেখেছিলেন, তার পেছনের কারণও বিস্তারিতভাবে তুলে ধরেন তিনি।

লাইভে আসাদ নূর জানান, তাদের বিয়ের বিষয়টি অত্যন্ত পরিকল্পিতভাবেই গোপন রাখা হয়েছিল। সমাজের প্রচলিত কিছু ট্যাবু ভাঙা এবং মানুষের ব্যক্তিগত জীবন নিয়ে অতিরিক্ত কৌতূহল ও প্রতিক্রিয়া কেমন হয়, তা বোঝাই ছিল তাদের এই গোপনীয়তার মূল উদ্দেশ্য। এ জন্য তারা পাঞ্জাবি, শাড়ির আঁচল কিংবা ইনস্টাগ্রামে একে অপরকে অনুসরণ করার মতো কিছু সুনির্দিষ্ট ইঙ্গিত বা ক্লু সামাজিক মাধ্যমে ছেড়েছিলেন। ছবি আড়ালের মাধ্যমে মানুষের প্রতিক্রিয়া কেমন হয়, তা তারা পর্যবেক্ষণ করছিলেন।

সমালোচকদের উদ্দেশে আসাদ নূর বলেন, মানুষের এই বাড়িত আগ্রহ এবং ধর্মীয় উগ্রতা ও উগ্র জাতীয়তাবাদে বিশ্বাসীদের প্রচলিত চিন্তাভাবনাকে চ্যালেঞ্জ করাও ছিল তাদের অন্যতম প্রধান লক্ষ্য।

পারশার পারিবারিক ব্যাকগ্রাউন্ড নিয়ে কথা বলতে গিয়ে আসাদ নূর জানান, পারশা তার পরিবারের একমাত্র সন্তান। তার বাবা একজন শিক্ষক ও অধ্যাপক ছিলেন। গান ও সংস্কৃতির একটি সুন্দর পরিবেশে বেড়ে ওঠা পারশার ক্যারিয়ার, যোগ্যতা ও অর্জনের প্রতি পূর্ণ সম্মান রেখেই তারা একসঙ্গে পথ চলার সিদ্ধান্ত নিয়েছেন।

এ সময় পারশার রাজনৈতিক সম্পৃক্ততার অভিযোগ পুরোপুরি নাকচ করে দিয়ে আসাদ বলেন, তিনি বা পারশা কোনো নির্দিষ্ট রাজনৈতিক দল বা গোষ্ঠীর হয়ে কাজ করেন না। বিএনপি কিংবা অন্য কোনো রাজনৈতিক দলের কাছ থেকে কোনো ধরনের আর্থিক সহায়তা বা অনুদান তারা নেননি। পাশাপাশি, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় পারশার ভূমিকার কথা স্মরণ করে তিনি জানান, আন্দোলনের সময় পারশা বেশ আলোচিত ‘পোস্টার গার্ল’ ছিলেন এবং আন্দোলনকেন্দ্রিক আলোচিত ‘চলো ভুলে যাই’ গানেও তাঁর অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল।

সবশেষে পারশাকে নিয়ে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) ব্যবহার করে তৈরি করা বিভিন্ন আপত্তিকর ছবি, ট্রল ও অপপ্রচারের তীব্র সমালোচনা করেন আসাদ নূর। সেই সঙ্গে সমাজের প্রতিটি স্তরে নারীদের ব্যক্তিগত মর্যাদা ও সামাজিক সম্মান রক্ষার জোরালো আহ্বান জানান তিনি।

সকালবেলা / নুসরাত