কপ-৩১ সম্মেলন থেকে বাংলাদেশ তার ন্যায্য হিস্যা পাবে: রিজভী

প্রকাশ: মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ১১:৩১ পূর্বাহ্ণ
কপ-৩১ সম্মেলন থেকে বাংলাদেশ তার ন্যায্য হিস্যা পাবে:  রিজভী

অনলাইন ডেস্ক: তুরস্কের আনতালিয়া শহরে শুরু হওয়া জাতিসংঘের জলবায়ুবিষয়ক আন্তর্জাতিক সম্মেলন ‘কপ-৩১’ থেকে বাংলাদেশ তার প্রাপ্য ন্যায্য হিস্যা ও সহযোগিতা পাবে বলে দৃঢ় আশা প্রকাশ করেছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব ও প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা অ্যাডভোকেট রুহুল কবির রিজভী।

মঙ্গলবার (১০ নভেম্বর ২০২৬) সকালে প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে ২১ সদস্যের প্রতিনিধিদলের তুরস্কের উদ্দেশে রওনা হওয়ার প্রাক্কালে বিমানবন্দর এলাকায় সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এই প্রত্যাশার কথা জানান।

রুহুল কবির রিজভী বলেন, বৈশ্বিক উষ্ণায়ন ও জলবায়ু পরিবর্তনের বহুমুখী সংকট মোকাবিলায় জাতিসংঘ আয়োজিত কপ-৩১ সম্মেলনটি অত্যন্ত তাৎপর্যপূর্ণ। এই সম্মেলনে যোগ দিতে প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে বাংলাদেশের একটি উচ্চপর্যায়ের প্রতিনিধিদল তুরস্কে গেছেন। প্রধানমন্ত্রী তারেক রহমান জনগণের মাঝে ‘গ্রিন প্রধানমন্ত্রী’ হিসেবে ব্যাপকভাবে সমাদৃত উল্লেখ করে তিনি বলেন, বিগত দিনে পাঁচ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ, খাল খনন এবং নবায়নযোগ্য জ্বালানি ব্যবহারে বহুমুখী উদ্যোগ গ্রহণ করেছেন প্রধানমন্ত্রী। বিএনপির নির্বাচনী ইশতেহারেও এসব পরিবেশবান্ধব কর্মসূচি অন্তর্ভুক্ত ছিল।

মানবসৃষ্ট বৈশ্বিক উষ্ণায়নের ফলে পৃথিবীর তাপমাত্রা আশঙ্কাজনকভাবে বেড়ে চলেছে উল্লেখ করে রিজভী বলেন, এর ফলে আজ সমগ্র মানবজাতি এক ভয়াবহ বিপন্ন পরিস্থিতির মুখোমুখি দাঁড়িয়েছে। এমন একটি সংকটময় মুহূর্তে আন্তর্জাতিক এই জলবায়ু সম্মেলনে প্রধানমন্ত্রীর অংশগ্রহণ দেশের জন্য অত্যন্ত গৌরব ও গুরুত্ব বহন করে। সম্মেলনে কার্বন ডাই-অক্সাইডের নিঃসরণ উল্লেখযোগ্য হারে কমিয়ে আনার বিষয়ে বিশ্বনেতারা আলোচনা করবেন এবং এর মধ্য দিয়ে একটি কার্যকর ও সুদূরপ্রসারী সমাধান বেরিয়ে আসবে বলে তিনি আশা প্রকাশ করেন।

সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি আরও বলেন, কার্বন নিঃসরণে বাংলাদেশের অবদান নগণ্য হলেও জলবায়ু পরিবর্তনের ফলে ক্ষতিগ্রস্ত দেশগুলোর তালিকায় বাংলাদেশ অন্যতম শীর্ষে রয়েছে। এই বাস্তবতাকে সামনে রেখে কপ-৩১ সম্মেলন থেকে বাংলাদেশ তার ন্যায্য হিস্যা ও জলবায়ু তহবিল নিশ্চিত করতে সক্ষম হবে। সুন্দর এই পৃথিবীকে বাঁচানোর যৌথ দায়িত্ব সবার উল্লেখ করে তিনি বলেন, জলবায়ু পরিবর্তনের ভয়ংকর প্রভাব থেকে স্বাভাবিক অবস্থায় ফিরে আসতে এই সম্মেলন যুগান্তকারী ভূমিকা রাখবে।

সকালবেলা / নুসরাত