জলবায়ু ঝুঁকিপূর্ণ দেশগুলোর ঐক্যবদ্ধ উদ্যোগ অত্যন্ত জরুরি: পরিবেশ প্রতিমন্ত্রী

প্রকাশ: মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ০১:২১ অপরাহ্ণ
জলবায়ু ঝুঁকিপূর্ণ দেশগুলোর ঐক্যবদ্ধ উদ্যোগ অত্যন্ত জরুরি: পরিবেশ প্রতিমন্ত্রী

অনলাইন ডেস্ক : জলবায়ু পরিবর্তনের বহুমুখী অভিঘাত মোকাবিলায় ঝুঁকিপূর্ণ দেশগুলোর মধ্যে ঐক্যবদ্ধ উদ্যোগ এবং কার্যকর আন্তর্জাতিক সহযোগিতা জোরদার করা অত্যন্ত জরুরি বলে মন্তব্য করেছেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন প্রতিমন্ত্রী শেখ ফরিদুল ইসলাম।

তুরস্কের আনতালিয়া শহরে শুরু হওয়া জাতিসংঘের জলবায়ু পরিবর্তন সম্মেলন ‘কপ-৩১’-এর উদ্বোধনী দিনে বাংলাদেশ প্যাভিলিয়নে আয়োজিত এক উচ্চপর্যায়ের নীতিসংলাপে উদ্বোধনী বক্তব্যে তিনি এই আহ্বান জানান। ‘লিভিং ওয়াটারস, শেয়ার্ড রাইটস: ক্লাইমেট রেজিলিয়েন্স থ্রু ন্যাচারাল রাইটস-লেড গভর্ন্যান্স’ শীর্ষক এই বিশেষ সংলাপের আয়োজন করা হয়।

প্রতিমন্ত্রী বলেন, জলবায়ু পরিবর্তনের ভয়াবহ প্রভাবে সমুদ্রপৃষ্ঠের উচ্চতা ক্রমাগত বৃদ্ধি পাচ্ছে, যার ফলে বাংলাদেশের সুপেয় পানি, খাদ্যনিরাপত্তা, আবাসন ও অবকাঠামো খাত মারাত্মক হুমকির মুখে পড়েছে। এই বহুমুখী পরিস্থিতি সফলভাবে মোকাবিলায় বৈশ্বিক দক্ষিণের দেশগুলো এবং জলবায়ু পরিবর্তনের কারণে চরম ঝুঁকিতে থাকা রাষ্ট্রগুলোর মধ্যে ঐক্যবদ্ধ উদ্যোগ গড়ে তোলা ছাড়া বিকল্প নেই।

তিনি আরও বলেন, জলবায়ু ঝুঁকিপূর্ণ দেশগুলো যদি সম্মিলিতভাবে আন্তর্জাতিক ফোরামে নিজেদের দাবি ও অগ্রাধিকার জোরালোভাবে তুলে ধরতে পারে, তবে ক্ষতিগ্রস্ত জনগোষ্ঠীর জীবনমান উন্নয়ন, সুপেয় পানির প্রাপ্যতা এবং খাদ্যনিরাপত্তা নিশ্চিত করার ক্ষেত্রে বড় ধরনের অগ্রগতি অর্জন করা সম্ভব হবে। অভিন্ন স্বার্থ সংরক্ষণে এসব দেশের মধ্যে সমন্বিত উদ্যোগ গ্রহণেরও আহ্বান জানান তিনি।

‘চেঞ্জ ইনিশিয়েটিভ’ কর্তৃক আয়োজিত এবং সুইজারল্যান্ড দূতাবাস ও ওয়াটারএইড বাংলাদেশের সহযোগিতায় অনুষ্ঠিত এই সংলাপে প্রাকৃতিক অধিকারভিত্তিক পানি শাসনব্যবস্থা, আন্তঃসীমান্ত নদীর সুরক্ষা, জলবায়ু সহনশীলতা বৃদ্ধি এবং স্থানীয় জনগোষ্ঠীর পানির ন্যায্য অধিকার নিশ্চিত করার বিষয়গুলো বিশেষ গুরুত্ব পায়।

সংলাপে মূল প্রবন্ধ উপস্থাপন করেন চেঞ্জ ইনিশিয়েটিভের সহপ্রতিষ্ঠাতা ও প্রধান নির্বাহী এম. জাকির হোসেন। তিনি পানি সংকট, নদীর স্বাভাবিক প্রবাহের পরিবর্তন এবং জলবায়ু অর্থায়নে বিদ্যমান বৈষম্যের চিত্র তুলে ধরে জানান যে, বাংলাদেশের সঙ্গে ভারতের ৫৪টি অভিন্ন নদী রয়েছে এবং আগামী ২০২৬ সালের ১২ ডিসেম্বরের মধ্যে ১৯৯৬ সালের গঙ্গার পানি বণ্টন চুক্তির মেয়াদ শেষ হতে চলেছে। এই প্রেক্ষাপটে আন্তঃসীমান্ত নদী ব্যবস্থাপনায় কার্যকর সহযোগিতা ও সমন্বিত নীতিগত উদ্যোগ গ্রহণের প্রয়োজনীয়তার ওপর তিনি জোর দেন।

তুরস্কের কৃষি ও বন মন্ত্রণালয়ের পানি ব্যবস্থাপনা অধিদপ্তরের পানীয় পানি বিভাগের প্রধান ড. মুস্তাফা বার্ক দুয়গু পানিসম্পদের টেকসই ব্যবস্থাপনায় অভিন্ন নদী অববাহিকাভুক্ত দেশগুলোর মধ্যে অভিজ্ঞতা বিনিময়ের গুরুত্ব তুলে ধরেন। এ ছাড়া ক্লাইমেট ইনভেস্টমেন্ট ফান্ডসের অভিযোজন ও সহনশীলতা বিভাগের প্রধান চিতেম্বো কাওয়িম্বে চুঙ্গা, ইন্টারন্যাশনাল ওয়াটার ম্যানেজমেন্ট ইনস্টিটিউটের নেপাল প্রতিনিধি ড. মনোহরা খাড়কা এবং ইন্টারন্যাশনাল ইনস্টিটিউট ফর এনভায়রনমেন্ট অ্যান্ড ডেভেলপমেন্টের জ্যেষ্ঠ গবেষক সেজাল প্যাটেল জলবায়ু অর্থায়নে ন্যায়বিচার নিশ্চিত করা এবং নদী ও জলাভূমি সুরক্ষায় দীর্ঘমেয়াদি বিনিয়োগের আহ্বান জানান। সংলাপে দেশি-বিদেশি বিশেষজ্ঞ, উন্নয়ন সহযোগী এবং বাংলাদেশ ও চিলির আদিবাসী জনগোষ্ঠীর প্রতিনিধিরা অংশ নেন।