বাসে আগুন ও ককটেল হামলা: রাজধানীতে ৩৩ জন গ্রেপ্তার

প্রকাশ: মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ০১:৫৬ অপরাহ্ণ
বাসে আগুন ও ককটেল হামলা: রাজধানীতে ৩৩ জন গ্রেপ্তার

অনলাইন ডেস্ক: রাজধানীতে সাম্প্রতিক সময়ে ঘটে চলা বাসে আগুন দেওয়া ও ককটেল বিস্ফোরণের মতো নাশকতামূলক কর্মকাণ্ডের ঘটনায় কঠোর পদক্ষেপ নিয়েছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। গত সোমবার (৯ নভেম্বর) বাসে আগুন ও ককটেল বিস্ফোরণের সময় হাতেনাতে মোট ৩৩ জনকে গ্রেপ্তার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)। এর মধ্যে ৯ জনকে সরাসরি ককটেল নিক্ষেপের সময় আটক করা হয়।

মঙ্গলবার (১০ নভেম্বর ২০২৬) দুপুরে ডিএমপি মিডিয়া সেন্টারে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানিয়েছেন ঢাকা মেট্রোপলিটন পুলিশের মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশনস বিভাগের নতুন উপ-পুলিশ কমিশনার (ডিসি) ও মুখপাত্র মো. আকতার হোসেন।

সংবাদ সম্মেলনে ডিএমপি মুখপাত্র জানান, গ্রেপ্তারকৃত ব্যক্তিদের অধিকাংশরাই কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত বিভিন্ন সংগঠনের নেতাকর্মী। এ ছাড়া প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা গেছে, কেউ কেউ সুনির্দিষ্ট আর্থিক লেনদেন বা টাকার বিনিময়ে এ ধরনের ধ্বংসাত্মক কর্মকাণ্ডে জড়িয়ে পড়েছেন। রাজধানীর আইনশৃঙ্খলা পরিস্থিতি অস্থিতিশীল করার অপচেষ্টার অংশ হিসেবেই এসব নাশকতা চালানো হচ্ছিল।

অভিযানের বিবরণ দিয়ে পুলিশ জানায়, গ্রেপ্তারদের কাছ থেকে তল্লাশি চালিয়ে সাতটি তাজা ককটেল এবং দুটি মোটরসাইকেল উদ্ধার করা হয়েছে। এসব মোটরসাইকেল নাশকতার কাজে ব্যবহার করা হচ্ছিল বলে ধারণা করা হচ্ছে।

নাশকতাকারীদের বিরুদ্ধে কঠোর হুঁশিয়ারি উচ্চারণ করে ডিসি আকতার হোসেন বলেন, “ডিএমপির পক্ষ থেকে সাঁড়াশি অভিযান অব্যাহত আছে এবং এসব দুষ্কৃতকারীকে সম্পূর্ণ আইনের আওতায় আনতে আমাদের নজরদারিতে বিন্দুমাত্র ঘাটতি নেই।” এ সময় আতঙ্কিত না হয়ে নগরবাসীকে স্বাভাবিক চলাচল বজায় রাখার আহ্বান জানান তিনি এবং যেকোনো সন্দেহজনক গতিবিধি দেখলে পুলিশকে দ্রুত অবহিত করার অনুরোধ জানান।


সকালবেলা/ নুসরাত