শেখ হাসিনা বেঁচে আছেন নাকি মারা গেছেন জানি না: প্রতিমন্ত্রী
অনলাইন ডেস্ক : পলাতক সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা বর্তমানে বেঁচে আছেন নাকি মারা গেছেন, সে বিষয়ে নিজের অজ্ঞতার কথা প্রকাশ করেছেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান প্রতিমন্ত্রী নুরুল হক নুর। তিনি বলেন, “পলাতক শেখ হাসিনা বিভিন্ন সময়ে কথা বলছেন—এটা কি এআই (কৃত্রিম বুদ্ধিমত্তা) নাকি বাস্তব, তা আমরা কিন্তু জানি না।”
মঙ্গলবার (১০ নভেম্বর ২০২৬) ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে ‘জাতীয় বিপ্লব ও সংহতি দিবস’ উপলক্ষে আয়োজিত এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
সংবাদ সম্মেলনে আগামী ডিসেম্বরে আওয়ামী লীগের রাজনীতিতে ফিরে আসার গুঞ্জনকে সম্পূর্ণ উড়িয়ে দিয়ে প্রতিমন্ত্রী নুরুল হক নুর বলেন, “ডিসেম্বরে আওয়ামী লীগ ফিরবে—এটা সম্পূর্ণ হাস্যকর ও বিভ্রান্তিকর।”
ফ্যাসিস্ট শক্তির অপতৎপরতা প্রসঙ্গে তিনি অভিযোগ করেন, ফ্যাসিস্ট শক্তিকে কাজে লাগিয়ে দেশ ও দেশের বাইরে থেকে কিছু বিদেশি অপশক্তি দেশে নতুন করে বিশৃঙ্খলা সৃষ্টির পাঁয়তারা চালাচ্ছে। এই চক্রান্ত রুখে দিতে সরকারি দল ও বিরোধী দল নির্বিশেষে সবাইকে একসঙ্গে কাজ করার এবং রাজপথে সোচ্চার থাকার আহ্বান জানান তিনি।
রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে চলমান বাসে আগুন ও ভাঙচুরের মতো নাশকতা প্রতিরোধে কঠোর পদক্ষেপের কথা জানান নুর। তিনি ঘোষণা দেন যে, বাসে যারা আগুন দিচ্ছে এবং ভাঙচুর করছে, সুনির্দিষ্ট প্রমাণসহ তাদের ধরিয়ে দিতে পারলে গণঅধিকার পরিষদের পক্ষ থেকে ২০ হাজার টাকা পুরস্কার প্রদান করা হবে। জননিরাপত্তা রক্ষায় সাধারণ মানুষকেও পাহারাদার হিসেবে ভূমিকা পালনের আহ্বান জানান এই রাজনৈতিক নেতা।
সকালবেলা/ নুসরাত