কিশোরগঞ্জে জ্যোৎস্না হত্যা মামলায় বাবা-ছেলেসহ ৭ জনের যাবজ্জীবন
নূর আহাম্মদ পলাশ (কিশোরগঞ্জ প্রতিনিধি): কিশোরগঞ্জের করিমগঞ্জে রান্নার চুলার ধোঁয়া নিয়ে বিরোধের জেরে গৃহবধূ জ্যোৎস্না বেগমকে পিটিয়ে হত্যার দায়ে বাবা-ছেলেসহ সাতজনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। পাশাপাশি প্রত্যেককে এক লাখ টাকা করে অর্থদণ্ড প্রদান করা হয়েছে।
মঙ্গলবার (১০ নভেম্বর) সকালে কিশোরগঞ্জ জেলা ও দায়রা জজ আদালতের অতিরিক্ত জেলা ও দায়রা জজ-১-এর বিচারক মোহাম্মদ জহির উদ্দিন এ রায় ঘোষণা করেন। রায় ঘোষণার সময় দণ্ডপ্রাপ্ত সাত আসামিই আদালতে উপস্থিত ছিলেন। মামলার তথ্য নিশ্চিত করেছেন জেলা জজ আদালতের পাবলিক প্রসিকিউটর (পিপি) অ্যাডভোকেট মো. মিজানুর রহমান।
দণ্ডপ্রাপ্ত আসামিরা হলেন মঞ্জিল মিয়ার ছেলে রবি (৩৭) ও আমিনুল (৩০), ছবর আলীর ছেলে মঞ্জিল মিয়া (৬৫) ও শহিদ (৫৫), আবুল কালামের ছেলে মাহবুব (৩৫), মশ্রব আলীর ছেলে জিয়াউদ্দিন (৫৫) এবং ইজ্জত আলীর ছেলে সাহাবুদ্দিন (৬০)। তাঁরা সবাই করিমগঞ্জ উপজেলার গুজাদিয়া ইউনিয়নের জাটিয়াপাড়া এলাকার বাসিন্দা।
মামলার বিবরণ থেকে জানা যায়, ভুক্তভোগী জ্যোৎস্না বেগম ও আসামিরা একই সীমানার বাড়িতে বসবাস করতেন। বাড়িতে রান্নার চুলার ধোঁয়া ঘরের দিকে আসাকে কেন্দ্র করে প্রতিবেশী কলি আক্তারের সঙ্গে জ্যোৎস্না বেগমের বিরোধের সূত্রপাত হয়। চুলাটি সরিয়ে নেওয়ার একাধিক অনুরোধ সত্ত্বেও তা না সরানোয় ঘটনার দিন কথা-কাটাকাটি শুরু হয়। একপর্যায়ে উত্তপ্ত পরিস্থিতি চরমে পৌঁছালে আসামিরা সংঘবদ্ধ হয়ে জ্যোৎস্না বেগমকে মারধর করেন।
অভিযোগে আরও উল্লেখ করা হয়, আসামিরা ভুক্তভোগীকে ঘর থেকে টেনেহিঁচড়ে বের করে লোহার রড, কাঠের বর্গা, লাঠি ও গাছের ডাল দিয়ে বেধড়ক পেটান। এ সময় জ্যোৎস্নার স্বজনরা তাঁকে বাঁচাতে এগিয়ে এলে তাঁর ভাইয়ের স্ত্রী আয়শা আক্তারকেও দা দিয়ে কুপিয়ে জখম করা হয়।
পরবর্তীতে স্থানীয়দের সহায়তায় আহতদের উদ্ধার করে প্রথমে করিমগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এবং অবস্থার অবনতি হলে কিশোরগঞ্জ আধুনিক সদর হাসপাতালে পাঠানো হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় ২০১৬ সালের ১৬ ফেব্রুয়ারি রাতে মারা যান জ্যোৎস্না বেগম।
এই মর্মান্তিক ঘটনার পর নিহতের স্বামী হাবিবুর রহমান বাদী হয়ে থানায় হত্যা মামলা দায়ের করেন। দীর্ঘ বিচারিক প্রক্রিয়া, সাক্ষ্যপ্রমাণ ও আইনি পর্যালোচনা শেষে আদালত আজ এই রায় প্রদান করেন।
এআইএল/সকালবেলা