যুক্তরাষ্ট্রের নির্বাচনে ইতিহাস গড়লেন ৫ মুসলিম নারী

প্রকাশ: মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ০২:৪৬ অপরাহ্ণ
যুক্তরাষ্ট্রের নির্বাচনে ইতিহাস গড়লেন ৫ মুসলিম নারী

ইসলামী জীবন ডেস্ক: যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনে নজিরবিহীন ও ঐতিহাসিক সাফল্য অর্জন করেছেন হিজাব পরিহিত পাঁচ মুসলিম নারী। তাঁদের মধ্যে চারজন বিভিন্ন অঙ্গরাজ্যের সিনেটর এবং একজন মার্কিন প্রতিনিধি পরিষদের সদস্য নির্বাচিত হয়েছেন। দেশটির নির্বাচনি ইতিহাসে একসঙ্গে পাঁচ হিজাবি মুসলিম নারীর এই বিজয়কে অত্যন্ত তাৎপর্যপূর্ণ ঘটনা হিসেবে দেখছেন রাজনৈতিক বিশ্লেষকরা।

সাম্প্রতিক সময়ে মার্কিন রাজনীতিতে ডোনাল্ড ট্রাম্প প্রশাসনের আমলে মুসলিমবিরোধী বক্তব্য, বিদ্বেষ ও নানা ধরনের হুমকি বৃদ্ধির অভিযোগ রয়েছে। এমন একটি সামাজিক ও রাজনৈতিক প্রতিকূল পরিবেশের মধ্যে মুসলিম নারীদের এই সাফল্য দেশটির নির্বাচনি রাজনীতিতে তাঁদের ক্রমবর্ধমান প্রভাব এবং দৃঢ় অবস্থানেরই শক্তিশালী প্রতিফলন।

১. রুয়া রোমান (জর্জিয়া): জর্জিয়া থেকে অঙ্গরাজ্য সিনেটর নির্বাচিত হয়েছেন ফিলিস্তিনপন্থি এই রাজনীতিক। এর আগে তিনি জর্জিয়ার আইনসভায় প্রথম হিজাব পরিহিত মুসলিম নারী হিসেবে দায়িত্ব পালন করেন। ২০২৪ সালের প্রেসিডেন্ট নির্বাচনের সময় ফিলিস্তিনপন্থি অবস্থান ও জেরুজালেমে জন্ম নেওয়ার সুবাদে তিনি জাতীয় পর্যায়ে ব্যাপক আলোচনায় আসেন।

২. আবের কাওয়াস (নিউইয়র্ক): ফিলিস্তিনি বংশোদ্ভূত অভিবাসী পরিবারের এই রাজনীতিক নিউইয়র্ক থেকে অঙ্গরাজ্য সিনেটর নির্বাচিত হয়েছেন। ২০০১ সালের ১১ সেপ্টেম্বরের পর যুক্তরাষ্ট্রে মুসলিমদের ওপর নজরদারির সময় তাঁর বাবার কারাবাসের মতো কঠিন স্মৃতির মধ্য দিয়ে বড় হওয়া এই নারী সমাজসেবা ও রাজনীতিতে নিজের দৃঢ়তা প্রমাণ করেছেন।

৩. নাবিলা সৈয়দ (ইলিনয়): ইলিনয় অঙ্গরাজ্য থেকে ৫৭ শতাংশ ভোট পেয়ে রিপাবলিকান প্রতিদ্বন্দ্বীকে পরাজিত করেছেন ২৭ বছর বয়সী ভারতীয় বংশোদ্ভূত এই নেত্রী। স্বাস্থ্যসেবায় সমতা এবং জীবনযাত্রার ব্যয় কমানো তাঁর প্রধান রাজনৈতিক অঙ্গীকার।

৪. মেরিয়াম খান (কানেকটিকাট): পাকিস্তানে জন্ম নেওয়া মেরিয়াম খান কানেকটিকাট অঙ্গরাজ্য থেকে সিনেটর নির্বাচিত হয়েছেন। কর্মক্ষেত্রে নিজ দেশের সংস্কৃতি ও পরিচয় তুলে ধরে নানা সমালোচনার মুখে পড়লেও তিনি সাহসিকতার সঙ্গে নিজের অবস্থান বজায় রেখেছেন।

৫. ইলহান ওমর (মিনেসোটা): এই পাঁচ নারীর মধ্যে সবচেয়ে পরিচিত মুখ ও সোমালিয়ায় জন্ম নেওয়া ইলহান ওমর মিনেসোটা থেকে পঞ্চমবারের মতো মার্কিন প্রতিনিধি পরিষদের সদস্য নির্বাচিত হয়েছেন। ২০১৮ সালে যুক্তরাষ্ট্রের কংগ্রেসে প্রথম চার মুসলিমের একজন এবং প্রথম হিজাব পরিহিত নারী সদস্য হিসেবে ইতিহাস গড়েছিলেন তিনি। দীর্ঘ সময় ধরে ট্রাম্প ও রিপাবলিকানদের কঠোর সমালোচনার মুখেও নিজের রাজনৈতিক ভিত্তি শক্ত রেখেছেন এই নেত্রী।

বিশ্লেষকদের মতে, রাজনৈতিক মতপার্থক্য, সামাজিক বিদ্বেষ ও নানা ধরনের প্রতিকূলতার পরেও এই পাঁচ মুসলিম নারীর বিজয় বহুজাতিক ও বহুধর্মীয় সমাজে সঠিক প্রতিনিধিত্বের গুরুত্বকে অত্যন্ত জোরালোভাবে বিশ্ববাসীর সামনে তুলে ধরেছে।

সকালবেলা/ নুসরাত