জাতীয় সংকটে মুমিনের ১০ করণীয়

প্রকাশ: মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ০২:৫৬ অপরাহ্ণ
জাতীয় সংকটে মুমিনের ১০ করণীয়

ইসলামী জীবন ডেস্ক: পার্থিব জীবনে আল্লাহ তাআলা তাঁর মুমিন বান্দাদের নানা বিপদ, সংকট ও পরীক্ষার মাধ্যমে যাচাই করে থাকেন। এসব বিপদ-আপদ ও সংকটের মধ্য দিয়ে বান্দার গোনাহ মাফ হয় এবং আল্লাহর দরবারে তার মর্যাদা বৃদ্ধি পায়। পবিত্র কোরআনে ইরশাদ হয়েছে—

“আমি তোমাদের কিছু ভয়, ক্ষুধা এবং ধন-সম্পদ, জীবন ও ফল-ফসলের ক্ষয়ক্ষতি দ্বারা অবশ্যই পরীক্ষা করব। তুমি সুসংবাদ দাও ধৈর্যশীলদের। যারা তাদের ওপর বিপদ আপতিত হলে বলে, আমরা তো আল্লাহরই এবং নিশ্চিতভাবে তাঁর দিকে প্রত্যাবর্তনকারী। এদের প্রতি স্বীয় প্রতিপালকের পক্ষ থেকে বর্ষিত হয় বিশেষ অনুগ্রহ ও রহমত। আর এরাই সৎপথে পরিচালিত।” (সুরা : বাকারাহ, আয়াত : ১৫৫)

জাতীয় কিংবা ব্যক্তিগত যেকোনো সংকটের মুহূর্তে একজন মুমিনের সঠিক কর্মপন্থা বা করণীয় সম্পর্কে ইসলামে সুনির্দিষ্ট দশটি দিকনির্দেশনা রয়েছে:

১. আল্লাহমুখী হওয়া:কোনো বিপদ বা সংকটে পড়লে মুমিনের প্রথম ও প্রধান কাজ হলো পরিপূর্ণভাবে আল্লাহমুখী হওয়া। আল্লাহ তাআলা পবিত্র কোরআনে বলেন, “আমার শাস্তি যখন তাদের ওপর আপতিত হলো তখন তারা কেন বিনীত হলো না? অধিকন্তু তাদের হৃদয় কঠিন হয়েছিল এবং তারা যা করছিল শয়তান তা তাদের চোখে শোভন করেছিল।” (সুরা : আনআম, আয়াত : ৪৩)

২. আল্লাহর প্রতি সুধারণা পোষণ করা:বিপদ থেকে মুক্তির ব্যাপারে সর্বদা আল্লাহর ওপর আস্থা ও বিশ্বাস রাখা এবং বিপদে পড়ার কারণে নিজের ভাগ্যকে দোষারোপ না করা। বরং আল্লাহর কাছে মুক্তি ও কল্যাণ কামনা করা উচিত। হাদিসে কুদসিতে (রাসুলের জবানে আল্লাহর ভাষ্য) এসেছে, “আমি বান্দার সঙ্গে আমার প্রতি তার ধারণার অনুরূপ আচরণ করি।” (সহিহ বুখারি, হাদিস : ৭৫০৫)

৩. অবিরাম দোয়া করা: অবিরাম দোয়া ও প্রার্থনার মাধ্যমে আল্লাহ মুমিনের বিপদ ও সংকট দূর করে দেন। আল্লাহ বলেন, “বরং তিনিই আর্তের আহ্বানে সাড়া দেন, যখন সে তাঁকে ডাকে এবং বিপদ দূর করেন।...” (সুরা : নামল, আয়াত : ৬২)

৪. বেশি বেশি ইস্তিগফার করা: ইস্তিগফার বা ক্ষমা প্রার্থনা বিপদ, মুসিবত ও দুশ্চিন্তা দূর করে এবং জীবনে বরকত ও প্রাচুর্য আনে। রাসুলুল্লাহ (সা.) বলেছেন, “কোনো ব্যক্তি নিয়মিত ইস্তিগফার পড়লে আল্লাহ তাকে সব বিপদ থেকে মুক্তির ব্যবস্থা করবেন, সব দুশ্চিন্তা থেকে মুক্ত করবেন এবং তাকে এমন উৎস থেকে জীবিকা দেবেন, যা সে কল্পনাও করতে পারবে না।” (সুনানে আবি দাউদ, হাদিস : ৫১৮)

৫. বেশি বেশি জিকির করা: সংকটকালে বেশি বেশি আল্লাহর জিকির বা স্মরণ করা আবশ্যক। কেননা এতে মানুষের মনের অস্থিরতা ও ভয় দূর হয়। আল্লাহ তাআলা ইরশাদ করেন, “যারা ঈমান আনে এবং আল্লাহর স্মরণে যাদের হৃদয় প্রশান্ত হয়। জেনে রেখো! আল্লাহর স্মরণেই হৃদয় প্রশান্ত হয়।” (সুরা : রাদ, আয়াত : ২৮)

৬. পারস্পরিক সহযোগিতা: বিপদ, বিপর্যয় ও সংকটের সময় মুমিনরা দল-মত নির্বিশেষে পরস্পরের সহযোগিতায় এগিয়ে আসবে। পবিত্র কোরআনে বলা হয়েছে, “তোমরা সৎকাজ ও আল্লাহভীতিতে পরস্পরের সহযোগিতা করবে এবং পাপ ও সীমা লঙ্ঘনে একে অপরের সহযোগিতা করবে না।” (সুরা : মায়িদা, আয়াত : ২)

৭. আল্লাহর ওপর ভরসা রাখা: মুমিন ব্যক্তি জীবনের প্রতিটি পদক্ষেপে সর্বাবস্থায় আল্লাহর ওপর তাওয়াক্কুল বা ভরসা করে। কেননা আল্লাহ ঘোষণা করেছেন, “যে আল্লাহর ওপর ভরসা করে তিনি তার জন্য যথেষ্ট।” (সুরা : তালাক, আয়াত : ৩)

৮. ধৈর্য ধারণ করা: যেকোনো বিপদ ও সংকটে মুমিন কখনোই ধৈর্যহারা বা নিরাশ হবে না, বরং সে সাহসিকতার সঙ্গে তা মোকাবিলা করবে। রাসুলুল্লাহ (সা.) বলেন, “মুমিনের বিষয়টি কত চমৎকার। তার জন্য শুধুই কল্যাণ—কল্যাণ ছাড়া আর কিছুই নেই। যদি তার জন্য কোনো খুশির ব্যাপার হয় এবং সে কৃতজ্ঞতা আদায় করে, সেটা তার জন্য কল্যাণকর। আর যদি কোনো দুঃখের বিষয় হয় এবং সে ধৈর্য ধারণ করে, সেটাও তার জন্য কল্যাণকর।” (সহিহ মুসলিম, হাদিস : ২৯৯৯)

৯. নামাজের মাধ্যমে সাহায্য প্রার্থনা: কঠিন বিপদ ও সংকটে আল্লাহ তাআলা মুমিনদের নামাজ ও ধৈর্যের মাধ্যমে সাহায্য প্রার্থনা করতে বলেছেন। পবিত্র কোরআনে ইরশাদ হয়েছে, “তোমরা ধৈর্য ও নামাজের মাধ্যমে সাহায্য প্রার্থনা করো। এটা বিনীত ব্যক্তি ছাড়া অন্যদের জন্য অবশ্যই কঠিন।” (সুরা : বাকারাহ, আয়াত : ৪৫)

১০. আল্লাহর কাছে উত্তম প্রতিদান আশা করা: বিপদ-আপদের কারণে মুমিনের যে পার্থিব ক্ষতি ও কষ্ট হয়, তার বিনিময়ে আল্লাহ তার মর্যাদা বহুগুণ বাড়িয়ে দেন। সুতরাং মুমিন সংকটকালে অধৈর্য না হয়ে আল্লাহর কাছে এর উত্তম প্রতিদান আশা করবে। রাসুলুল্লাহ (সা.) বলেছেন, “মুসলিম ব্যক্তির ওপর যে কষ্ট-ক্লেশ, রোগব্যাধি, উদ্বেগ-উৎকণ্ঠা, দুশ্চিন্তা, কষ্ট ও পেরেশানি আসে—এমনকি যে কাঁটা তার দেহে ফুটে—এসবের বিনিময়ে আল্লাহ‌ তার গোনাহগুলো ক্ষমা করে দেন।” (সহিহ বুখারি, হাদিস : ৫৬৪১)