মুন্সিগঞ্জে ১১ কোটি টাকার ভারতীয় কাপড় জব্দ, আটক ২
লৌহজং (মুন্সিগঞ্জ) প্রতিনিধি: মুন্সিগঞ্জের লৌহজং উপজেলার পদ্মা সেতু উত্তর থানা এলাকা থেকে শুল্ক ফাঁকি দিয়ে আনা প্রায় ১১ কোটি টাকার ভারতীয় শাড়ি ও কাশ্মীরি শাল জব্দ করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি)। এ সময় পণ্য পরিবহনে ব্যবহৃত দুটি কাভার্ড ভ্যানসহ দুই চোরাকারবারিকে গ্রেপ্তার করা হয়।
মঙ্গলবার (১০ নভেম্বর) দিবাগত রাত পৌনে ৪টার দিকে পদ্মা সেতু উত্তর থানাধীন দক্ষিণ মেদিনীমণ্ডল এলাকায় ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে অস্থায়ী চেকপোস্ট বসিয়ে এই অভিযান পরিচালনা করা হয়। গোপন সংবাদের ভিত্তিতে এসআরবি-১০-এর শ্রীনগর ক্যাম্পের একটি আভিযানিক দল অভিযানটি চালায়।
এসআরবি-১০-এর সহকারী পরিচালক (মিডিয়া) সিনিয়র সহকারী পুলিশ সুপার তপন সরকার স্বাক্ষরিত এক বিশেষ প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, পদ্মা সেতু পার হয়ে মুন্সিগঞ্জের দিকে আসা দুটি কাভার্ড ভ্যানে তল্লাশি চালিয়ে ২৬ হাজার ৩৫৩ পিস ভারতীয় শাড়ি এবং ২ হাজার ৪৮৭ পিস কাশ্মীরি শাল উদ্ধার করা হয়। জব্দকৃত শাড়ির আনুমানিক বাজারমূল্য ১০ কোটি ৫৪ লাখ ১২ হাজার টাকা এবং কাশ্মীরি শালের মূল্য ৩৭ লাখ ৩০ হাজার টাকা। সব মিলিয়ে জব্দ করা এসব অবৈধ পণ্যের মোট মূল্য ১০ কোটি ৯১ লাখ ৪২ হাজার টাকা।
এ ঘটনায় গ্রেপ্তারকৃতরা হলেন—সাতক্ষীরা সদর উপজেলার ঘোনা এলাকার সাজ্জাদ হোসেন (২৮) এবং একই জেলার কলারোয়া উপজেলার নাজমুল হোসেন (৩২)।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তারকৃতরা স্বীকার করেছেন যে, তাঁরা পরস্পর যোগসাজশে বেনাপোল সীমান্ত দিয়ে শুল্ক ফাঁকি দিয়ে ভারতীয় শাড়ি ও কাশ্মীরি শালসহ বিভিন্ন পণ্য কাভার্ড ভ্যানে করে দেশে আনতেন এবং পরবর্তীতে দেশের বিভিন্ন স্থানে চড়া দামে বিক্রি করতেন।
উদ্ধারকৃত মালামাল ও কাভার্ড ভ্যানসহ গ্রেপ্তার দুই চোরাকারবারির বিরুদ্ধে বিশেষ ক্ষমতা আইনে মামলা দায়েরের জন্য তাঁদের সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে বলে জানিয়েছে এসআরবি।
এআইএল/সকালবেলা