কুষ্টিয়ায় দুই বাড়ি থেকে কাফনের কাপড় ও চিরকুট উদ্ধার

প্রকাশ: বুধবার, ১১ নভেম্বর ২০২৬, ০৩:৩৯ অপরাহ্ণ
কুষ্টিয়ায় দুই বাড়ি থেকে কাফনের কাপড় ও চিরকুট উদ্ধার

কাঞ্চন কুমার (কুষ্টিয়া প্রতিনিধি): কুষ্টিয়ার দৌলতপুরে পৃথক দুটি বাড়িতে কাফনের কাপড়, আগরবাতি, সাবান, গোলাপজল এবং হত্যার হুমকির বার্তা সংবলিত রহস্যজনক চিরকুট রেখে গেছে দুর্বৃত্তরা। 

বুধবার (১১ নভেম্বর) সকালে উপজেলার ফিলিপনগর ইউনিয়নের চরসাদিপুর গ্রামে এ ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা যায়, উপজেলার চরসাদিপুর গ্রামের ফকির মালিথার ছেলে বাচ্চু মালিথা (৩০) এবং জসিম উদ্দিনের ছেলে মনি ডাক্তারের (৪২) বাড়িতে রাতের কোনো একসময়ে এসব সামগ্রী ফেলে রেখে যায় দুর্বৃত্তরা। সকালে ঘুম থেকে উঠে বাড়ির লোকজন উঠান বা রান্নাঘরের পাশে কাফনের কাপড়সহ অন্যান্য সামগ্রী ও চিরকুট দেখতে পান।

বাচ্চু মালিথার বাড়িতে পাওয়া চিরকুটে লেখা ছিল—‘বাচ্চু ভাই, জীবনে কী খেয়েছ, না কী খেয়েছ, ভালো-মন্দ কিছু খেয়ে নিও। ১০-১২ দিনের মধ্যে খেয়ে নিও। গুডবাই।’ অন্যদিকে মনি ডাক্তারের বাড়ির চিরকুটে লেখা ছিল—‘মনি ভাই, জীবনে কী খেয়েছ, না কী খেয়েছ। ১০-১২ দিনের মধ্যে খেয়ে নিও। ইতি তোমার জান, গুডবাই।’

ভুক্তভোগী মনি ডাক্তার জানান, সকালে ঘুম থেকে উঠে বাড়ির রান্নাঘরের পাশে কাফনের কাপড় ও চিরকুট দেখতে পান তাঁরা। কে বা কারা এই ঘটনা ঘটিয়েছে তা নিশ্চিত নন। এ বিষয়ে সাধারণ ডায়েরি (জিডি) করার জন্য ভুক্তভোগী বাচ্চু মালিথাসহ তাঁরা থানায় এসেছেন বলে জানান তিনি। ফিলিপনগর ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান একরামুল হকও চরসাদিপুর গ্রামের দুটি বাড়িতে কাফনের কাপড় ও চিরকুট রেখে যাওয়ার এই ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

দৌলতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খালেদুর রহমান বলেন, ভুক্তভোগীদের থানায় সাধারণ ডায়েরি করার পরামর্শ দেওয়া হয়েছে এবং পুলিশ পুরো বিষয়টি গুরুত্বের সঙ্গে খতিয়ে দেখছে।

এআইএল/সকালবেলা