হবিগঞ্জে ঝটিকা মিছিলের চেষ্টা ব্যর্থ: আ.লীগের ৩ নেতাসহ ১১ নেতাকর্মী আটক

প্রকাশ: বুধবার, ১১ নভেম্বর ২০২৬, ০১:৩৬ অপরাহ্ণ
হবিগঞ্জে ঝটিকা মিছিলের চেষ্টা ব্যর্থ: আ.লীগের ৩ নেতাসহ ১১ নেতাকর্মী আটক
হবিগঞ্জে মিছিলের প্রস্তুতিকালে আওয়ামী লীগ ও অঙ্গসংগঠনের নেতাদের গ্রেপ্তার করে পুলিশ

হবিগঞ্জে ঝটিকা মিছিলের প্রস্তুতিকালে কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগ ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের তিন জন গুরুত্বপূর্ণ নেতাসহ মোট ১১ জন নেতাকর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ।

আজ বুধবার (১১ নভেম্বর ২০২৬) সকালে গ্রেপ্তারকৃতদের সংশ্লিষ্ট মামলায় গ্রেপ্তার দেখিয়ে আদালতের মাধ্যমে হবিগঞ্জ জেলা কারাগারে পাঠানো হয়েছে। এর আগে গত সোমবার (৯ নভেম্বর) দিবাগত রাত থেকে মঙ্গলবার (১০ নভেম্বর) পর্যন্ত জেলা শহর ও সদর উপজেলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।

পুলিশ সূত্রে জানা যায়, গতকাল মঙ্গলবার সকাল সাড়ে ৮টার দিকে হবিগঞ্জ শহরের শংকরের মুখ এলাকা থেকে ঝটিকা মিছিল বের করার প্রস্তুতির সময় অভিযান চালিয়ে হাতেনাতে তিন প্রধান নেতাকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার হওয়া এই তিন জন হলেন— বানিয়াচং উপজেলার খাগাউড়া ইউনিয়ন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মো. হাবিবুর রহমান (৪০), একই ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক শেখ আব্দুল মুহিত (৩৮) এবং হবিগঞ্জ জেলা কৃষক লীগের অর্থ সম্পাদক মো. কাসেম (৪৮)। এছাড়া শহরের অন্যান্য এলাকা ও সদর উপজেলার বিভিন্ন পয়েন্টে টানা দুই দিন বিশেষ অভিযান চালিয়ে বাকি আট জন নেতাকর্মীকে গ্রেপ্তার করে আইনশৃঙ্খলা বাহিনী।

পুলিশের দেওয়া তথ্য মতে, গ্রেপ্তার হওয়া সব নেতাকর্মীই মূলত হবিগঞ্জ জেলা যুবলীগের সভাপতি আবুল কাশেমের অনুসারী ও সক্রিয় সমর্থক হিসেবে পরিচিত।

হবিগঞ্জ সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জাহিদুল হক ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, "গত দুই দিনে হবিগঞ্জ শহর ও আশপাশের এলাকায় আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটানো এবং মিছিলের প্রস্তুতির সময় নিষিদ্ধ সংগঠনের ১১ জন নেতাকর্মীকে গ্রেপ্তার করা হয়েছে। বিশেষ করে মঙ্গলবার সকালে শংকরের মুখ এলাকায় অভিযান চালিয়ে তিন গুরুত্বপূর্ণ নেতাকে আটক করা হয়। গ্রেপ্তারকৃত সকলের বিরুদ্ধে সন্ত্রাসবিরোধী আইনে মামলা দায়ের সংক্রান্ত প্রক্রিয়া সম্পন্ন করে আজ সকালে আদালতে সোপর্দ করা হয়েছে।"