সোনারগাঁওয়ে পুলিশের বিশেষ অভিযানে গ্রেপ্তার ২৪

প্রকাশ: মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ০৯:১৫ অপরাহ্ণ
সোনারগাঁওয়ে পুলিশের বিশেষ অভিযানে গ্রেপ্তার ২৪

মো. মুক্তার হোসেন (সোনারগাঁও, নারায়ণগঞ্জ): নারায়ণগঞ্জের সোনারগাঁও উপজেলায় সন্ত্রাস, কিশোর গ্যাং ও মাদকবিরোধী বিশেষ অভিযানে ১০৮ পিস ইয়াবাসহ ২৪ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। গত সোমবার ও মঙ্গলবার (৯ ও ১০ নভেম্বর) টানা ৩৬ ঘণ্টা উপজেলার বিভিন্ন এলাকায় ব্লক রেড পরিচালনা করে তাঁদের আটক করা হয়।

পুলিশ সূত্রে জানা যায়, জেলার পুলিশ সুপার মো. হাবিবুর রহমানের (পিপিএম) নির্দেশনায় এবং সোনারগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মহম্মদ আব্দুল বারিকের (পিপিএম) নেতৃত্বে পুলিশের একাধিক দল এই বিশেষ অভিযান পরিচালনা করে। সন্ত্রাস ও কিশোর গ্যাংয়ের গোপন আস্তানায় একযোগে হানা দিয়ে মাদক সেবনকারী, পরোয়ানাভুক্ত আসামি এবং নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগ, যুবলীগ ও স্বেচ্ছাসেবক লীগের নেতাকর্মীদের আটক করা হয়।

অভিযানে মাদক সেবনের অভিযোগে গ্রেপ্তারকৃতরা হলেন—মো. জাহিদুল ইসলাম (৩১), রুবেল (২৭), মো. শাওন (২৭), মো. মামুন (৩০), মো. মুন্না (২৫), মো. দিপু (২৮), রুবেল আহসান (২০), মো. রুয়েল আলী (৩৪), সুমন মিয়া (২৭), আকাশ (২০), মো. মাসুম (৩৫), মো. তামিম ইকবাল (২০) এবং মো. শামীম (৩০)।

সন্ত্রাসবিরোধী অভিযানে গ্রেপ্তারকৃতরা হলেন—উপজেলার নোয়াগাঁও ইউনিয়নের নোয়াগাঁও গ্রামের মৃত মহিউদ্দিনের ছেলে ও কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী যুবলীগের ইউনিয়ন সিনিয়র সহসভাপতি মো. মুকবুল হোসেন (৫৫), একই ইউনিয়নের মালিপাড়া গ্রামের শাহ মো. শাহজাহানের ছেলে ও নিষিদ্ধ স্বেচ্ছাসেবক লীগের ৪ নম্বর ওয়ার্ড সাধারণ সম্পাদক মো. মোমেন (৪৩), কোবাগা গ্রামের পিনত চন্দ্র বিশ্বাসের ছেলে ও স্বেচ্ছাসেবক লীগের ইউনিয়ন প্রচার সম্পাদক আকাশ বিশ্বাস (৩০) এবং চরডলিয়া গ্রামের মৃত তাইজুদ্দিনের ছেলে আয়নাল হক (৬০)।

এ ছাড়া বৈষম্যবিরোধী আন্দোলনের ঘটনায় কাঁচপুর ইউনিয়নের সোনাপুর পূর্বপাড়া গ্রামের মৃত সুলতান মিয়ার ছেলে ও নিষিদ্ধ ছাত্রলীগের সক্রিয় সদস্য রিফাত হাসানকে (২২) গ্রেপ্তার করা হয়েছে। পাশাপাশি পরোয়ানাভুক্ত আসামি মো. ওহিদ (৫৩), সানি (২৩) ও মোসা. তাছলিমা আক্তারকে আটক করা হয়। অপরদিকে, মাদক কারবারের অভিযোগে মিনু (৫০), ওসমান গণি (৪৫) এবং রাব্বী হাসান ওরফে জুনায়েদকে (২২) গ্রেপ্তার করা হয়।

পুলিশ জানায়, গ্রেপ্তারকৃত ২৪ আসামির বিরুদ্ধে প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া শেষে দুই দফায় পুলিশি প্রহরায় তাঁদের আদালতে সোপর্দ করা হয়েছে।

এআইএল/সকালবেলা