ভবনে আগুন : যমজ সন্তান নিয়ে অল্পের জন্য রক্ষা পেলেন দিব্যাঙ্কা-ভিবেক

প্রকাশ: মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ০৪:৫৩ অপরাহ্ণ
ভবনে আগুন : যমজ সন্তান নিয়ে অল্পের জন্য রক্ষা পেলেন দিব্যাঙ্কা-ভিবেক

অনলাইন ডেস্ক : ভারতের মুম্বাইয়ে একটি আবাসিক ভবনে লাগা ভয়াবহ আগুনে বড় ধরনের বিপদের হাত থেকে অল্পের জন্য রক্ষা পেয়েছেন জনপ্রিয় টেলিভিশন অভিনেত্রী দিব্যাঙ্কা ত্রিপাঠি ও তার স্বামী অভিনেতা বিবেক দাহিয়া। এই দুর্ঘটনায় তাদের পাঁচ মাসের যমজ সন্তান, পরিবারের অন্য সদস্য ও গৃহকর্মীরাও নিরাপদে ভবন থেকে বের হতে পেরেছেন।

তবে এই আকস্মিক অগ্নিকাণ্ডের ঘটনায় ভবনটির এক নিরাপত্তাকর্মী নিহত হয়েছেন। ওই কর্মীর মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন এই তারকা দম্পতি।

গত ৭ নভেম্বর দীপাবলির আগের রাতে তাদের আবাসিক ভবনে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। মঙ্গলবার (১০ নভেম্বর) সামাজিক যোগাযোগমাধ্যম ইনস্টাগ্রামে একটি ভিডিও ও দীর্ঘ আবেগঘন বার্তা প্রকাশ করে পুরো ঘটনার বিবরণ দেন দিব্যাঙ্কা।

তিনি জানান, দুর্ঘটনার দিন সন্ধ্যায় তাদের বাইরে যাওয়ার পূর্বপরিকল্পনা ছিল। তবে নানা কারণে বাসা থেকে বের হতে কিছুটা দেরি হয়ে যায়। শেষ পর্যন্ত তারা বাসাতেই অবস্থান করায় ভবনে আগুন লাগার সঙ্গে সঙ্গেই দ্রুত পরিস্থিতি বুঝতে পারেন এবং যমজ সন্তান, পরিবারের অন্যান্য সদস্য ও গৃহকর্মীদের নিয়ে নিরাপদে বাইরে বেরিয়ে আসতে সক্ষম হন।

দিব্যাঙ্কা জানান, প্রথমে তারা ভেবেছিলেন, ভয়াবহ ওই অগ্নিকাণ্ডের পর শুধু কিছু সম্পদের ক্ষতি ও আতঙ্কের স্মৃতি নিয়েই হয়তো তাদের বাড়ি ফিরতে হবে। কিন্তু পরবর্তীতে একটি বন্ধুর বাসায় আশ্রয় নেওয়ার পর তারা জানতে পারেন, তাদের ভবনের প্রিয় নিরাপত্তাকর্মী ধনপত আঙ্কেল আগুনে মারা গেছেন।

এই খবরটি মেনে নেওয়া তাদের জন্য অত্যন্ত কঠিন ছিল বলে জানান অভিনেত্রী। তিনি বলেন, বন্ধুর বাসায় আশ্রয় নেওয়ার পরও তারা বারবার আশা করছিলেন যেন সংবাদটি সত্যি না হয়।

নিরাপত্তাকর্মী ধনপতের সঙ্গে দিব্যাঙ্কা ও বিবেকের পরিবারের অত্যন্ত গভীর ও স্নেহের সম্পর্ক ছিল। অভিনেত্রী জানান, তাদের যমজ সন্তানদের (দৈবিক ও বৈদিক) হাসপাতালে থেকে বাড়িতে আনার পর প্রথম যারা শিশু দুটিকে কোলে নিয়ে আশীর্বাদ করেছিলেন, ধনপত ছিলেন তাদের মধ্যে অন্যতম। পরিবারের কাছে তিনি কেবল একজন নিরাপত্তাকর্মী ছিলেন না, বরং তাদের প্রতিদিনের জীবনের অন্যতম আপনজন হয়ে উঠেছিলেন।

ইনস্টাগ্রামে ধনপতের যমজ সন্তানদের আশীর্বাদ করার একটি মুহূর্তের ভিডিও শেয়ার করে দিব্যাঙ্কা লেখেন, “ধনপত আঙ্কেল, আপনি কখনোই শুধু আমাদের ভবনের নিরাপত্তাকর্মী ছিলেন না। আপনি আমাদের প্রতিদিনের জীবনের অংশ ছিলেন। আমরা আপনাকে বিশ্বাস করতাম। আমাদের সন্তানদের ভবিষ্যতের অংশ হিসেবেও আপনাকে কল্পনা করেছিলাম।”

তিনি আরও জানান, তার ভাবনায় ছিল ছেলেরা বড় হওয়ার পর ধনপত আঙ্কেলের সঙ্গে খেলবে এবং তার স্নেহ পাবে। কিন্তু সেই ইচ্ছা আর পূরণ হলো না। সন্তানরা বড় হলে তাদের সেই ভালো মানুষটির কথা বলবেন, যিনি তাদের এই পৃথিবীতে সাদরে স্বাগত জানিয়েছিলেন।

আগুন লাগার ঘটনার পর ভবনটির বিদ্যুৎ সরবরাহ সাময়িকভাবে বন্ধ হয়ে গিয়েছিল। পরবর্তীতে দীপাবলির দিন বিদ্যুৎ সরবরাহ পুনরায় চালু করা হয়। এর পরদিন নিরাপত্তা পরীক্ষা শেষে গ্যাস সরবরাহ ও লিফটের কার্যক্রমও স্বাভাবিক করা হয়েছে। তবে বিশ্বস্ত ও স্নেহের মানুষ নিরাপত্তাকর্মী ধনপতের মর্মান্তিক মৃত্যুতে এই দম্পতির মনে এক গভীর শূন্যতা তৈরি হয়েছে।

উল্লেখ্য, জনপ্রিয় টেলিভিশন ধারাবাহিক ‘ইয়ে হ্যায় মোহাব্বাতে’-র সেটে পরিচয় হয়েছিল দিব্যাঙ্কা ত্রিপাঠি ও বিবেক দাহিয়ার। দীর্ঘ প্রেমের পর ২০১৬ সালের ৮ জুলাই ভারতের ভোপালে বিবাহবন্ধনে আবদ্ধ হন তারা। চলতি বছরের জুন মাসে এই দম্পতির ঘরে জন্ম নেয় যমজ সন্তান। সম্প্রতি একটি অনুষ্ঠানে তারা দুই ছেলের নাম ‘দৈবিক’ ও ‘বৈদিক’ বলে প্রকাশ করেছিলেন।

সকালবেলা/ নুসরাত