কপ-৩১ বিশ্বনেতা সম্মেলনে যোগ দিতে তুরস্কের ইস্তাম্বুলে পৌঁছেছেন প্রধানমন্ত্রী
অনলাইন ডেস্ক : কপ-৩১ বিশ্বনেতা সম্মেলনে যোগ দিতে তিন দিনের এক গুরুত্বপূর্ণ সরকারি সফরে তুরস্কের ইস্তাম্বুলে এসে পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। মঙ্গলবার স্থানীয় সময় বেলা ১২টা ৪০ মিনিটে তাঁকে বহনকারী টার্কিশ এয়ারলাইন্সের ফ্লাইটটি ইস্তাম্বুল বিমানবন্দরে অবতরণ করে। ইস্তাম্বুলে সংক্ষিপ্ত যাত্রা বিরতি শেষে স্থানীয় সময় বিকেলে আন্তালিয়ার উদ্দেশে রওনা হন প্রধানমন্ত্রী।
এর আগে সকালে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে প্রধানমন্ত্রী, তাঁর সহধর্মিণী ডা. জুবাইদা রহমান এবং সফরসঙ্গীদের নিয়ে একটি বিশেষ ফ্লাইট তুরস্কের উদ্দেশে ঢাকা ত্যাগ করে। প্রধানমন্ত্রীর উপ-প্রেস সচিব হাসান শিপলু এই তথ্য নিশ্চিত করেছেন।
সফরসূচি অনুযায়ী, তুরস্ক পৌঁছানোর দিনই সন্ধ্যা সাড়ে ৬টায় আন্তালিয়ার ম্যাক্স রয়্যাল হোটেলে তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ানের সঙ্গে প্রথম দ্বিপক্ষীয় বৈঠকে মিলিত হবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এই বৈঠকে দুই দেশের মধ্যে দ্বিপক্ষীয় বাণিজ্য ও বিনিয়োগ বৃদ্ধি এবং গুরুত্বপূর্ণ বিভিন্ন খাতে পারস্পরিক সহযোগিতা আরও সম্প্রসারণের উপায় নিয়ে বিস্তারিত আলোচনা হওয়ার কথা রয়েছে।
আগামী ১১ ও ১২ নভেম্বর কপ-৩১ সম্মেলন অনুষ্ঠিত হবে। সম্মেলনের দ্বিতীয় দিন অর্থাৎ ১২ নভেম্বর পূর্ণাঙ্গ অধিবেশনে বাংলাদেশের জাতীয় বক্তব্য তুলে ধরবেন প্রধানমন্ত্রী। এই ভাষণে তিনি জলবায়ু ন্যায়বিচার, উন্নত দেশগুলোর ঐতিহাসিক দায়বদ্ধতা, পর্যাপ্ত জলবায়ু অর্থায়ন, অভিযোজন কৌশল এবং জলবায়ু পরিবর্তনজনিত ক্ষয়ক্ষতি মোকাবিলায় বাংলাদেশের জোরালো অবস্থান তুলে ধরবেন।
পররাষ্ট্র সচিব সালাহউদ্দিন নোমান চৌধুরী সম্প্রতি ঢাকায় এক সংবাদ সম্মেলনে জানান, বৈশ্বিক গ্রিনহাউস গ্যাস নিঃসরণে বাংলাদেশের অবদান মাত্র ০.০৫ শতাংশ হলেও জলবায়ু পরিবর্তনের মারাত্মক হুমকির মুখে থাকা দেশগুলোর মধ্যে বাংলাদেশ অন্যতম। তাই জলবায়ু অর্থায়নের প্রতিশ্রুতি বাস্তবায়ন এবং ক্ষতিপূরণ আদায়ে আন্তর্জাতিক ফোরামে সোচ্চার রয়েছে বাংলাদেশ।
সফরকালে প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী অ্যান্থনি আলবানিজ, উজবেকিস্তানের প্রেসিডেন্ট শাভকাত মিরজিয়োয়েভ এবং যুক্তরাজ্যের পররাষ্ট্রমন্ত্রীর দ্বিপক্ষীয় বৈঠকের চূড়ান্ত প্রস্তুতি চলছে। পাশাপাশি জাতিসংঘ উন্নয়ন কর্মসূচির (ইউএনডিপি) প্রশাসকের সঙ্গেও একটি বৈঠকের বিষয়টি বিবেচনাধীন রয়েছে। এসব বৈঠকে আঞ্চলিক ও বৈশ্বিক ভূরাজনৈতিক স্বার্থ এবং জলবায়ু সহযোগিতার বিষয়গুলো প্রাধান্য পাবে।
সম্মেলনের গ্রিন জোনে বাংলাদেশের পক্ষ থেকে একটি বিশেষ পাট প্যাভিলিয়ন স্থাপন করা হয়েছে। এখানে পাটের বহুমুখী ব্যবহার, পরিবেশবান্ধব বৈশিষ্ট্য এবং প্লাস্টিকের টেকসই বিকল্প হিসেবে পাটজাত পণ্যের অপার সম্ভাবনার দিকগুলো বিশ্ববাসীর সামনে তুলে ধরা হচ্ছে। এছাড়া ব্লু জোনে জলবায়ু পরিবর্তনে নারীদের ঝুঁকি এবং কৃত্রিম পলিমারের বিকল্প পচনশীল পণ্যের প্রসারে আয়োজিত দুটি সাইড ইভেন্টেও অংশ নেবে বাংলাদেশ প্রতিনিধি দল।
প্রধানমন্ত্রীর ২১ সদস্যের এই প্রতিনিধি দলে পরিবেশমন্ত্রী আবদুল আউয়াল মিন্টু, পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির ও শামা ওবায়েদ ইসলামসহ সরকারের উচ্চপর্যায়ের নীতিনির্ধারকরা অংশ নিচ্ছেন। সম্মেলন শেষে আগামী শুক্রবার প্রধানমন্ত্রীর দেশে ফেরার কথা রয়েছে।