নিষিদ্ধ ছাত্রলীগের দুই নেতাকে পুলিশে দিল ছাত্রদল
বিশেষ প্রতিনিধি: রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে এসে অবরুদ্ধ হওয়ার পর গ্রেপ্তার হয়েছেন নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের রামেক শাখার সভাপতি শুভ কুমার মণ্ডল ও সাধারণ সম্পাদক নাহিদ হাসান।
মঙ্গলবার (১০ নভেম্বর) সকাল ১০টা থেকে রামেক ছাত্রদল নেতা-কর্মীরা তাঁদের আটকে রাখেন। পরে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে তাঁদের হেফাজতে নেয়।
খবর পেয়ে রাজশাহী মেট্রোপলিটন পুলিশের (আরএমপি) রাজপাড়া থানা, গোয়েন্দা শাখা (ডিবি), বিশেষায়িত ইউনিট ক্রাইসিস রেসপন্স টিম (সিআরটি) এবং এসআরবির বিপুলসংখ্যক সদস্য হাসপাতালে অবস্থান নেন। দুপুর সাড়ে ১২টার দিকে হাসপাতাল পরিচালকের কক্ষ থেকে ওই দুজনকে বের করে আনা হয়। এ সময় রামেক ছাত্রদলের সভাপতি আমরি মীম ও ছাত্রশিবিরের সভাপতি রমিজ মুত্তাকিনসহ নেতা-কর্মীরা নিষিদ্ধ ছাত্রলীগের বিরুদ্ধে বিভিন্ন স্লোগান দিতে থাকেন।
আটককৃতদের নিয়ে যাওয়ার জন্য হাসপাতাল ফটকে একটি মাইক্রোবাস প্রস্তুত রাখা হয়েছিল। গাড়িতে তোলার সময় ছাত্রদল ও ছাত্রশিবিরের নেতা-কর্মীরা তাঁদের লক্ষ্য করে ডিম ছুড়তে শুরু করেন এবং একপর্যায়ে মারধরে জড়িয়ে পড়েন। এ সময় শুভকে মাইক্রোবাসে তোলা সম্ভব হলেও নাহিদ মাটিতে পড়ে যান। তখন বিক্ষুব্ধ নেতা-কর্মীরা তাঁকে কিল-ঘুষি ও লাথি মারেন। পরে সিআরটি সদস্যরা দ্রুত নাহিদকে উদ্ধার করে অন্য একটি গাড়িতে তুলে নেন।
জানা গেছে, শুভ রামেকের ৫৯তম এবং নাহিদ ৬০তম এমবিবিএস ব্যাচের শিক্ষার্থী। পঞ্চম বর্ষ শেষ করে তাঁরা হাসপাতালে ইন্টার্নশিপ শুরু করলেও ২০২৪ সালের ৬ নভেম্বর কর্তৃপক্ষ তাঁদের ইন্টার্নশিপ দুই বছরের জন্য স্থগিত করে। স্থগিতাদেশের মেয়াদ শেষ হওয়ায় পুনরায় ইন্টার্নশিপ শুরু করার চেষ্টায় তাঁরা হাসপাতালে এসেছিলেন।
সকাল থেকেই পরিচালকের কার্যালয়ের সামনে থাকা শিক্ষার্থীরা জানান, শুভ ও নাহিদ কয়েক দিন ধরেই হাসপাতালের উপপরিচালক হাসানুল হাসিবের কার্যালয়ে যাতায়াত করছিলেন। মঙ্গলবার তিনি তাঁদের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল পি কে এম মাসুদ-উল-ইসলামের সঙ্গে সাক্ষাতের ব্যবস্থা করে দেন। সে অনুযায়ী দুজন পরিচালকের কার্যালয়ের পাশের ওয়েটিং রুমে অপেক্ষা করছিলেন। এমন সময় ছাত্রদল ও ছাত্রশিবিরের নেতা-কর্মীরা সেখানে গিয়ে মারধর শুরু করলে তাঁদের পরিচালকের কক্ষে নিয়ে ভেতর থেকে দরজা বন্ধ করে দেওয়া হয় এবং পুলিশে খবর দেওয়া হয়।
রামেক ছাত্রশিবিরের সভাপতি রমিজ মুত্তাকিন বলেন, ‘স্বৈরাচার হাসিনা ঘাড়ের ওপর নিঃশ্বাস ফেলছে। এই পরিস্থিতিতে নিষিদ্ধ ছাত্রলীগের দুই নেতা কীভাবে হাসপাতালে প্রবেশ করলেন, তা তদন্ত হওয়া দরকার। যাঁরা তাঁদের এখানে এনেছেন, তাঁদের বিরুদ্ধেও ব্যবস্থা নিতে হবে।’
রামেক হাসপাতালের মুখপাত্র ডা. শেখ শামীম আহমেদ জানান, ইন্টার্নশিপ স্থগিতের মেয়াদ শেষ হলে নিয়ম অনুযায়ী পুনরায় আবেদন করতে হয় এবং একাডেমিক কাউন্সিলের অনুমোদন সাপেক্ষে তা শুরু করা যায়। কিন্তু শুভ ও নাহিদ কোনো আবেদন না করেই পরিচালকের সঙ্গে দেখা করতে এসেছিলেন। পরে তাঁদের পুলিশে সোপর্দ করা হয়েছে।
আরএমপির মুখপাত্র ও গোয়েন্দা শাখার উপপুলিশ কমিশনার (ডিসি) গাজিউর রহমান বলেন, ‘তাঁদের বিরুদ্ধে আগে থেকেই পুলিশের কাছে নানা অভিযোগ ছিল। হাসপাতাল থেকে গ্রেপ্তার করে পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে এবং তাঁদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।’
এআইএল/সকালবেলা