আমি ধার্মিক মানুষ এবং মৃত্যুর পর স্বর্গে যাব: ট্রাম্প

প্রকাশ: মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ০৩:৫৩ অপরাহ্ণ
আমি ধার্মিক মানুষ এবং মৃত্যুর পর স্বর্গে যাব:  ট্রাম্প

অনলাইন ডেস্ক:  মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, তিনি একজন ধার্মিক মানুষ এবং মৃত্যুর পর তিনি স্বর্গে যাবেন। তবে স্বর্গে যাওয়ার শর্ত হিসেবে নিজের রাজনৈতিক প্রতিপক্ষ বা শত্রুদের ক্ষমা করতে পারবেন কি না—এমন এক প্রশ্নের জবাবে তিনি সরাসরি ‘না’ বলে দিয়েছেন।

সম্প্রতি সিবিএসের জনপ্রিয় অনুষ্ঠান ‘সিক্সটি মিনিটস’-এ সাংবাদিক রস ডাউথাতকে দেওয়া এক সাক্ষাৎকারে নিজের মৃত্যু ও পরকাল নিয়ে কথা বলতে গিয়ে তিনি এসব মন্তব্য করেন।

সাক্ষাৎকারের শুরুতে সাংবাদিক জানতে চান, প্রাণনাশের একাধিক প্রচেষ্টা থেকে অলৌকিকভাবে বেঁচে ফেরার ঘটনাটি ট্রাম্পের নিজস্ব মৃত্যু বা পরকাল সম্পর্কিত ভাবনায় কোনো পরিবর্তন এনেছে কি না।

জবাবে ট্রাম্প বলেন, “আমি একজন ধর্মপ্রাণ মানুষ। তাই তাত্ত্বিকভাবে বলতে গেলে, আমি স্বর্গে যাব। আমি সেটাই আশা করি। আমি নরকে যেতে চাই না।”

এরপর সাংবাদিক ডাউথাত জানতে চান, স্বর্গে যাওয়ার ধর্মীয় বা নৈতিক শর্ত হিসেবে জেমস কোমি কিংবা ন্যান্সি পেলোসির মতো রাজনৈতিক প্রতিপক্ষদের তিনি ক্ষমা করতে পারবেন কি না। এই প্রশ্নের জবাবে কোনো রাখঢাক না রেখে ট্রাম্প সাফ জানিয়ে দেন, “উত্তর হলো—না। আমি একদম সৎ থাকতে চাই, তাই বলছি—না। আমি সম্ভবত তা পারব না। কারণ, আমার কিছু শত্রুকে আমি সত্যিই ঘৃণা করি এবং চিরকালই করব।”

রাজনীতিতে নিজের চিরচেনা ও অনমনীয় মেজাজ বজায় রেখেই প্রতিপক্ষদের প্রতি নিজের তীব্র অসন্তোষ ও মনোভাবের কথা সাক্ষাৎকারে স্পষ্ট করে তুলে ধরেন মার্কিন এই প্রেসিডেন্ট।