সুপারমার্কেটের ফ্রিজে সাইবার হামলা, ইরানি রাষ্ট্রদূতকে তলব ফ্রান্সের

প্রকাশ: মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ০৪:০৫ অপরাহ্ণ
সুপারমার্কেটের ফ্রিজে সাইবার হামলা, ইরানি রাষ্ট্রদূতকে তলব ফ্রান্সের

অনলাইন ডেস্ক : ফ্রান্সের বিভিন্ন সুপারমার্কেটের ফ্রিজ ও ফ্রিজারে চালানো সাইবার হামলার পেছনে ইরানের হাত রয়েছে—এমন অভিযোগ এনে দেশটির রাষ্ট্রদূতকে তলব করেছে প্যারিস। গত অক্টোবরের ওই হামলায় ফ্রান্সের কয়েক শ’ সুপারমার্কেটের শীতলীকরণ বা কুলিং সিস্টেম সম্পূর্ণ অচল হয়ে পড়েছিল।

ফরাসি কর্তৃপক্ষের জোরালো অভিযোগ, ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পসের (আইআরজিসি) সঙ্গে প্রত্যক্ষভাবে সংশ্লিষ্ট একটি সাইবার ইউনিট এই নাশকতামূলক হামলা পরিচালনা করেছে। ফরাসি পররাষ্ট্র মন্ত্রণালয় এক আনুষ্ঠানিক বিবৃতিতে জানিয়েছে, পররাষ্ট্রমন্ত্রীর নির্দেশ ও ঘোষণার পর মঙ্গলবার সকালে ইরানের রাষ্ট্রদূতকে তলব করা হয় এবং তাকে ফরাসি পররাষ্ট্র মন্ত্রণালয়ের মহাসচিবের সঙ্গে এক বৈঠকে বসতে হয়।

ফরাসি পররাষ্ট্রমন্ত্রী জ্যঁ-নোয়েল বারো গত সোমবার গণমাধ্যমকে জানান, গত ১১ ও ১২ অক্টোবর ফরাসি সুপারমার্কেটগুলোতে নজিরবিহীন মাত্রার এই সাইবার হামলা চালানো হয়। দেশের প্রায় ১০ হাজার সুপারমার্কেটের মধ্যে প্রায় ৭০০টির শীতলীকরণ ব্যবস্থা এই হামলার শিকার হয়। হ্যাকাররা দূর থেকে ডিজিটাল উপায়ে ফ্রিজের তাপমাত্রা নিয়ন্ত্রণ করে তা অস্বাভাবিকভাবে বাড়িয়ে দেয়। কোনো কোনো ক্ষেত্রে ফ্রিজের তাপমাত্রা ৫০ ডিগ্রি সেলসিয়াসে পর্যন্ত পৌঁছায়। এর ফলে সুপারমার্কেটে থাকা বিপুল পরিমাণ মাছ, মাংস, দুগ্ধজাত পণ্য এবং বিভিন্ন হিমায়িত খাবার সম্পূর্ণ নষ্ট হয়ে যায়। এমনকি অতিরিক্ত গরমে কয়েকটি ফ্রিজে আগুন ধরে যাওয়ার মতো বিপজ্জনক ঘটনাও ঘটে। ক্ষতিগ্রস্ত একটি সুপারমার্কেট কর্র্তৃপক্ষের হিসাব অনুযায়ী, কেবল একদিনেই তাদের লোকসান হয়েছে কয়েক কোটি ইউরো।

প্যারিসের সরকারি  লর বেকো জানিয়েছেন, ‘শাহিদ কাভে’ নামের আইআরজিসি-সংশ্লিষ্ট একটি বিশেষ সাইবার ইউনিটের বিরুদ্ধে ইতোমধ্যে আনুষ্ঠানিক তদন্ত শুরু হয়েছে। শুধু তাই নয়, ওই সাইবার ইউনিটটির প্রধান এবং তাঁর দুই উপপ্রধানের বিরুদ্ধে আন্তর্জাতিক গ্রেপ্তারি পরোয়ানা জারির আবেদনও করা হয়েছে। তদন্তকারীদের দাবি, এই সাইবার হামলায় সুনির্দিষ্টভাবে ফারসি ভাষা এবং ইরানের সঙ্গে সম্পৃক্ত ইন্টারনেট প্রোটোকল বা আইপি ঠিকানার ব্যবহার পাওয়ার জোরালো প্রমাণ মিলেছে।

পররাষ্ট্রমন্ত্রী বারো জানিয়েছেন, এ ঘটনার সঙ্গে জড়িতদের বিরুদ্ধে ইউরোপীয় ইউনিয়নভুক্ত দেশগুলোর যৌথ পর্যায়ে কঠোর নিষেধাজ্ঞা আরোপের উদ্যোগ নেবে ফ্রান্স। এছাড়া ভবিষ্যতে এ ধরনের সাইবার আক্রমণ প্রতিরোধ করতে প্রয়োজনীয় অন্যান্য নিরাপত্তাব্যবস্থাও জোরদার করা হচ্ছে।

উল্লেখ্য, ফ্রান্স ছাড়াও ইউরোপের অন্য কয়েকটি দেশের সুপারমার্কেটের ফ্রিজেও সম্প্রতি একই ধরনের সাইবার হামলার ঘটনা ঘটেছে বলে খবর পাওয়া গেছে। তবে ওই ঘটনাগুলোর সঙ্গে এই একই গোষ্ঠীর সংশ্লিষ্টতা রয়েছে কি না, তা এখনো নিশ্চিত নয়। ফরাসি সরকারের তরফ থেকে আনা এই গুরুতর অভিযোগের বিষয়ে প্রতিবেদন লেখা পর্যন্ত ইরানের পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি।