আশরাফিয়া মাদরাসার অসুস্থ শিক্ষার্থীদের চিকিৎসার দায়িত্ব নিয়েছে সরকার: স্বাস্থ্য প্রতিমন্ত্রী

প্রকাশ: মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ০৩:৪১ অপরাহ্ণ
আশরাফিয়া মাদরাসার অসুস্থ শিক্ষার্থীদের চিকিৎসার দায়িত্ব নিয়েছে সরকার: স্বাস্থ্য প্রতিমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক: নারায়ণগঞ্জের ফতুল্লায় জামিয়া আশরাফিয়া মাদরাসায় অগ্নিকাণ্ডের ধোঁয়ায় অসুস্থ শিক্ষার্থীদের সব ধরনের পরীক্ষা-নিরীক্ষা সম্পূর্ণ ফ্রি করে দেওয়া হয়েছে বলে জানিয়েছেন স্বাস্থ্য প্রতিমন্ত্রী ডা. এম এ মুহিত।

মঙ্গলবার (১০ নভেম্বর) দুপুরে জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসাধীন অসুস্থ শিক্ষার্থীদের দেখতে গিয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা জানান।

স্বাস্থ্য প্রতিমন্ত্রী বলেন, ফতুল্লার মাদরাসায় অগ্নিকাণ্ডের শিকার সব রোগীর সব ধরনের পরীক্ষা-নিরীক্ষা সম্পূর্ণ বিনামূল্যে করার নির্দেশ দেওয়া হয়েছে। তাদের সুচিকিৎসা নিশ্চিত করতে দুটি মেডিকেল বোর্ড গঠন করা হয়েছে। আশা করা হচ্ছে, সন্ধ্যার আগেই আরও অন্তত ৩০ জন শিক্ষার্থীকে ছাড়পত্র দেওয়া সম্ভব হবে।

ড. এম এ মুহিত আরও বলেন, এ ধরনের অপ্রত্যাশিত দুর্ঘটনা রোধে আরও বেশি সচেতনতা প্রয়োজন। এছাড়া খুব শীঘ্রই বার্ন ও প্লাস্টিক সার্জারি চিকিৎসাসেবা পুরো দেশে আরও বিকেন্দ্রীকরণ করা হবে।

উল্লেখ্য, এর আগে সোমবার (৯ নভেম্বর) দিবাগত রাত দেড়টার দিকে ফতুল্লার শান্তিধারা এলাকায় অবস্থিত জামিয়া আশরাফিয়া মাদরাসায় বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়। মাদরাসার শিক্ষক আজিজুর রহমান জানান, রাতে সবাই ঘুমিয়ে থাকার সময় লাইব্রেরিতে আগুন লাগলে পুরো ভবনে ঘন ধোঁয়া ছড়িয়ে পড়ে এবং এতে অর্ধশতাধিক শিক্ষার্থী অসুস্থ হয়ে পড়েন। পরবর্তীতে তাদের দ্রুত উদ্ধার করে জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়।

এআইএল/সকালবেলা