গৌরনদীতে ফিলিং স্টেশনের কর্মচারী রহস্যজনকভাবে নিখোঁজ
সাঈদ পান্থ (বরিশাল): বরিশালের গৌরনদী বন্দরের ব্যাংকে টাকা জমা দিতে যাওয়ার পথে আশোকাঠী ফিলিং স্টেশনের দায়িত্বপ্রাপ্ত কর্মচারী মো. মহিউদ্দিন তালুকদার রহস্যজনকভাবে নিখোঁজ হয়েছেন।
সোমবার (৯ নভেম্বর) দুপুর থেকে তাঁর কোনো সন্ধান পাওয়া যাচ্ছে না।
ফিলিং স্টেশনের ম্যানেজার মো. জাহিদ হোসেন জানিয়েছেন, সোমবার বেলা তিনটার দিকে প্রতিষ্ঠানের চার লাখ টাকা ব্যাংকে জমা দেওয়ার উদ্দেশ্যে মোটরসাইকেল নিয়ে বের হন মহিউদ্দিন তালুকদার। এরপর থেকে তিনি নিখোঁজ রয়েছেন। পরবর্তীতে আত্মীয়-স্বজনসহ বিভিন্ন স্থানে খোঁজাখুঁজির একপর্যায়ে উপজেলা পরিষদের দক্ষিণ পাশে সাহা বাড়ি সংলগ্ন জঙ্গলের পাশ থেকে তাঁর ব্যবহৃত মোটরসাইকেলটি পরিত্যক্ত অবস্থায় উদ্ধার করা হয়। তবে রাত বারোটা পর্যন্ত মহিউদ্দিন তালুকদারের কোনো খোঁজ মেলেনি।
অত্যন্ত নম্র ও ভদ্র স্বভাবের মহিউদ্দিন তালুকদার আশোকাঠী ফিলিং স্টেশনের একজন দায়িত্বশীল কর্মচারী ছিলেন। হঠাৎ করে তাঁর নিখোঁজ হওয়ার ঘটনায় পরিবার ও সহকর্মীদের মাঝে চরম উৎকণ্ঠা বিরাজ করছে।
এ ঘটনায় ওইদিন রাতে থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে। গৌরনদী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. তারিক হাসান রাসেল জানিয়েছেন, নিখোঁজ কর্মচারীকে উদ্ধার এবং ঘটনার মূল রহস্য উদ্ঘাটনে তদন্ত ও অভিযান চলছে।
এআইএল/সকালবেলা