গোপালগঞ্জে ৬ প্লাটুন বিজিবি মোতায়েন
হেলাল মুন্সী (বিশেষ প্রতিনিধি): গোপালগঞ্জে পুলিশের সঙ্গে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগ, কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও দলটির অঙ্গসংগঠনের নেতাকর্মীদের ধাওয়া-পাল্টাধাওয়ার ঘটনা ঘটেছে। এ সময় পুলিশের একটি পিকআপ ভ্যানে আগুন দেওয়ার ঘটনা ঘটে। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে বর্তমানে জেলায় বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)-এর ছয় প্লাটুন সদস্য মোতায়েন করা হয়েছে।
স্থানীয় সূত্রে জানা গেছে, মঙ্গলবার সকালে দলীয় নেতাকর্মীরা গোপালগঞ্জের পাটগাতি বাসস্ট্যান্ড এলাকায় জড়ো হয়ে সড়ক অবরোধ করেন। পুলিশ বাধা দিলে উভয় পক্ষের মধ্যে উত্তেজনা সৃষ্টি হয় এবং একপর্যায়ে ধাওয়া-পাল্টাধাওয়া শুরু হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ টিয়ারশেল ও রাবার বুলেট নিক্ষেপ করে। এর মাঝেই পুলিশের একটি পিকআপে আগুন দেওয়ার ঘটনা ঘটে।
গোপালগঞ্জ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের উপসহকারী পরিচালক শিবলু আহমেদ জানান, পুলিশের গাড়িতে আগুন লাগার খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছে সকাল ১১টা ২৮ মিনিটে আগুন সম্পূর্ণ নিয়ন্ত্রণে আনে। এ ঘটনায় কেউ হতাহত হয়নি।
এদিকে দুপুরে সদর উপজেলার বোড়াশী ইউনিয়নের পাথালিয়া এলাকায় কাঠ ও টায়ার জ্বালিয়ে ঢাকা-খুলনা মহাসড়ক অবরোধ করেন বিক্ষোভকারীরা। একই সময়ে গোপালগঞ্জ শহরের বিসিক ব্রিজ এলাকায়ও মিছিল ও সড়ক অবরোধের খবর পাওয়া গেছে। মহাসড়কে আগুন জ্বালিয়ে নিষিদ্ধ ছাত্রলীগের নেতাকর্মীরা নানা নৈরাজ্যের চেষ্টা চালায়।
পরিস্থিতি সম্পর্কে গোপালগঞ্জের পুলিশ সুপার মো. হাবিবুল্লাহ জানান, কয়েকটি বিচ্ছিন্ন ঘটনা ছাড়া জেলার সার্বিক পরিস্থিতি স্বাভাবিক রয়েছে এবং সাধারণ মানুষ শান্তিপূর্ণভাবে দিন কাটাচ্ছেন। ভবিষ্যতেও এই শান্তিপূর্ণ পরিবেশ বজায় থাকবে বলে তিনি আশা প্রকাশ করেন। পাশাপাশি নাশকতা প্রতিরোধে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে বলেও জানান তিনি।
জেলা প্রশাসক মো. আরিফ-উজ-জামান বলেন, জেলার সার্বিক পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে। যেকোনো ধরনের বিশৃঙ্খলা মোকাবিলা এবং আইনশৃঙ্খলা পরিস্থিতি পুরোপুরি স্বাভাবিক রাখতে ছয় প্লাটুন বিজিবি সদস্য মোতায়েন করা হয়েছে। প্রশাসন পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে এবং জননিরাপত্তা নিশ্চিত করতে আইনশৃঙ্খলা বাহিনী সদা তৎপর রয়েছে।
এআইএল/সকালবেলা