শেখ হাসিনার প্রত্যর্পণ আইনি প্রক্রিয়ায় সমাধান হবে: জয়সওয়াল
অনলাইন ডেস্ক: ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বাংলাদেশে ফেরার প্রস্তুতির অংশ হিসেবে নতুন পাসপোর্ট ও জাতীয় পরিচয়পত্র (এনআইডি) প্রাপ্তির আবেদন এবং তাঁর প্রত্যর্পণের বিষয়টিকে সম্পূর্ণ কারিগরি ও আইনি বিষয় হিসেবে উল্লেখ করেছে ভারত। একই সঙ্গে এ বিষয়ে বাংলাদেশ হাইকমিশনের সঙ্গে যোগাযোগের পরামর্শ দিয়েছে নয়াদিল্লি।
ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের সাপ্তাহিক ব্রিফিংয়ে মুখপাত্র রণধীর জয়সওয়ালের কাছে সাংবাদিকরা জানতে চান, শেখ হাসিনা পাসপোর্ট ও জাতীয় পরিচয়পত্রের জন্য আবেদন করলেও বাংলাদেশ তা প্রত্যাখ্যান করেছে বলে গণমাধ্যমে খবর এসেছে। পাশাপাশি দুই দেশের মধ্যে সম্ভাব্য কনস্যুলার পরিষেবাসংক্রান্ত বৈঠকে বিষয়টি নিয়ে আলোচনার সুযোগ রয়েছে কি না, সে বিষয়েও জানতে চাওয়া হয়। জবাবে জয়সওয়াল বলেন, ‘এটি একটি আইনি বিষয় এবং সে অনুযায়ীই এর সমাধান করা হবে।’
এর আগে, বাংলাদেশে ফেরার প্রস্তুতির অংশ হিসেবে নতুন পাসপোর্ট ও জাতীয় পরিচয়পত্রের জন্য আবেদন করেন শেখ হাসিনা। গত সোমবার নয়াদিল্লিতে অবস্থিত বাংলাদেশ হাইকমিশনে এসংক্রান্ত চিঠি পাঠিয়েছেন তাঁর আইনজীবীরা। বার্তা সংস্থা রয়টার্সের হাতে আসা ওই চিঠির বরাতে জানা যায়, তাঁর এই আবেদনটি দেশে ফেরার পরিকল্পনা বাস্তবায়নের ক্ষেত্রে অন্যতম একটি পদক্ষেপ।
শেখ হাসিনার পাসপোর্ট আবেদনের বিষয়ে রণধীর জয়সওয়াল আরও বলেন, ‘স্বাভাবিকভাবেই মানুষের ভ্রমণের জন্য ভ্রমণসংক্রান্ত নথিপত্র প্রয়োজন হয়। যতদূর বুঝি, বিষয়টিও সে রকম; তবে এটি মূলত একটি কারিগরি বিষয়।’ এছাড়া একজন বাংলাদেশি নাগরিক হিসেবে নিজ দেশে ফিরতে চাইলে এ ক্ষেত্রে ভারত ও বাংলাদেশ সরকারের মধ্যে কোনো আলোচনা বা সমঝোতার সুযোগ রয়েছে কি না—এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘প্রশ্নটি মূলত বাংলাদেশ হাইকমিশনের কাছে করা উচিত। এ বিষয়ে তাদের অবস্থান কী—তা জানানোর জন্য তারাই সবচেয়ে উপযুক্ত কর্তৃপক্ষ।’
অন্যদিকে, শেখ হাসিনার প্রত্যর্পণের অনুরোধ নিয়ে নয়াদিল্লি ও ঢাকার মধ্যে সর্বশেষ আলোচনার বিষয়ে জানতে চাইলে মুখপাত্র বলেন, ‘এ প্রসঙ্গে আমি আগেও বলেছি, আজও বলছি—এটি সম্পূর্ণ একটি আইনি বিষয় এবং প্রচলিত আইন অনুযায়ীই এর সমাধান করা হবে।’
উল্লেখ্য, ২০২৪ সালে ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে দীর্ঘ ১৫ বছরের শাসনের অবসান ঘটে শেখ হাসিনার। পরবর্তী সময়ে অন্তর্বর্তী সরকার ও বর্তমান বিএনপি সরকার তাঁকে দেশে ফিরিয়ে আনতে ভারতের কাছে বেশ কয়েকবার আনুষ্ঠানিক চিঠি পাঠিয়েছে। আগামী ডিসেম্বরে তাঁর দেশে ফেরার গুঞ্জন রয়েছে। তবে তাঁর দল আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ থাকায় তাঁর এই সম্ভাব্য প্রত্যাবর্তন দেশীয় রাজনৈতিক অঙ্গনে নতুন করে উত্তেজনা সৃষ্টি করতে পারে বলে বিশ্লেষকরা মনে করছেন।
এআইএল/সকালবেলা