চতুর্থ শ্রেণির ছাত্রী ধর্ষণ মামলায় স্কুলশিক্ষক আটক

প্রকাশ: মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ০৯:০৭ অপরাহ্ণ
চতুর্থ শ্রেণির ছাত্রী ধর্ষণ মামলায় স্কুলশিক্ষক আটক

বিশেষ প্রতিনিধি: যশোরের অভয়নগরে চতুর্থ শ্রেণির এক স্কুলছাত্রীকে ধর্ষণের অভিযোগে দায়ের করা মামলার আসামি ও সহকারী শিক্ষক ইমরান হোসেনকে (৩৮) রাজধানী ঢাকা থেকে আটক করেছে পুলিশ। 

মঙ্গলবার (১০ নভেম্বর) ভোর সাড়ে ৬টার দিকে রাজধানীর মিরপুর-১ এলাকার বউবাজার বটতলা মোড় থেকে তাঁকে আটক করা হয়।

আটককৃত ইমরান হোসেন অভয়নগর উপজেলার বুইকারা (রানাভাটা) এলাকার মৃত নজরুল ইসলামের ছেলে। তিনি স্থানীয় বাহিরঘাট সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক হিসেবে কর্মরত ছিলেন।

মামলার অভিযোগ সূত্রে জানা যায়, গত ২৬ অক্টোবর সকাল ১১টার দিকে ভুক্তভোগী ওই ছাত্রী বিদ্যালয়ে যায়। প্রথম ক্লাস শেষে দুপুর ১২টা ৪৫ মিনিটের দিকে সে বাথরুমে গেলে সেখান থেকে বের হওয়ার সময় শিক্ষক ইমরান হোসেন তার হাত ধরে শিক্ষকদের বাথরুমে নিয়ে যান। সেখানে ভয়ভীতি দেখিয়ে ও মুখ চেপে ধরে শিশুটিকে ধর্ষণ করেন বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে।

ঘটনার পর শিশুটি অসুস্থ হয়ে পড়লে ওই শিক্ষক তাকে ছুটি দিয়ে বাড়ি পাঠিয়ে দেন। বাড়িতে ফিরে প্রথমে মাকে মারধরের কথা জানায় শিশুটি। পরদিন ২৭ অক্টোবর স্কুলে না গিয়ে মনমরা অবস্থায় বিছানায় শুয়ে থাকলে মা স্কুলে যাওয়ার কথা বলেন। এ সময় কান্নাকাটি করে মায়ের কাছে ধর্ষণের ঘটনা খুলে বলে সে। পরে অসুস্থ শিশুটিকে প্রথমে অভয়নগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। সেখানে প্রাথমিক চিকিৎসা দেওয়ার পর উন্নত চিকিৎসার জন্য তাকে যশোর ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়।

এ ঘটনায় ভুক্তভোগী শিশুর বাবা বাদী হয়ে গত ২৭ অক্টোবর শিক্ষক ইমরান হোসেনের বিরুদ্ধে অভয়নগর থানায় একটি মামলা দায়ের করেন। ঘটনার পর থেকেই অভিযুক্ত আসামি এলাকা ছেড়ে আত্মগোপনে চলে যান। পরবর্তীতে তথ্যপ্রযুক্তি ও বিশ্বস্ত সূত্রের সহায়তায় তাঁর অবস্থান শনাক্ত করে অভয়নগর থানা পুলিশ ঢাকা থেকে তাঁকে আটক করে। মঙ্গলবার তাঁকে আদালতে সোপর্দ করা হলে বিচারক কারাগারে পাঠানোর আদেশ দেন।

এআইএল/সকালবেলা