ই-রিকশা বিধিমালা সংশোধনে ৯ দফা দাবি জানাল সংগ্রাম পরিষদ
অনলাইন ডেস্ক ; নজরদারি ও শৃঙ্খলার কথা বলে সম্প্রতি জারীকৃত ‘সিটি করপোরেশন এলাকায় তিন চাকার স্বল্পগতির ব্যাটারিচালিত রিকশা (ই-রিকশা) চলাচল বিধিমালা, ২০২৬’ সংশোধন করার দাবি জানিয়েছে ‘রিকশা, ব্যাটারি রিকশা-ভ্যান ও ইজিবাইক সংগ্রাম পরিষদ’। বিদ্যমান যানবাহনের কাঠামো পরিবর্তনে অন্তত দুই বছর সময় প্রদান, ড্রাইভিং লাইসেন্স প্রক্রিয়া সহজ ও সুনির্দিষ্ট করা এবং উচ্চ নিবন্ধন ফি কমানোর দাবিতে ৯ দফা প্রস্তাব তুলে ধরেছে সংগঠনটি।
বুধবার (১১ নভেম্বর ২০২৬) সকালে জাতীয় প্রেসক্লাবের সামনে আয়োজিত এক বিক্ষোভ সমাবেশে এসব প্রস্তাব পেশ করা হয়। সমাবেশ শেষে সংগঠনটির ঢাকা মহানগর শাখার পক্ষ থেকে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রীর কাছে একটি স্মারকলিপি পাঠানোর কথা জানানো হয়।
সমাবেশে বক্তব্য প্রদানকালে সংগঠনের ঢাকা মহানগর শাখার সহসভাপতি জালাল আহমেদ বলেন, ব্যাটারিচালিত রিকশা ও ইজিবাইক দেশের প্রায় সব জেলা, উপজেলা ও ইউনিয়নে লাখ লাখ মানুষের কর্মসংস্থানের পাশাপাশি সাধারণ মানুষের জন্য একটি সাশ্রয়ী গণপরিবহন হিসেবে অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে। তবে গত ১৩ বছর ধরে উচ্ছেদ, ডাম্পিং, গ্যারেজ বন্ধ ও পুলিশি হয়রানির শিকার হয়েছেন এই খাতের চালক ও গরিব মালিকরা।
তিনি আরও উল্লেখ করেন, ২০২২ সালের এপ্রিলে সুপ্রিম কোর্টের আপিল বিভাগ ব্যাটারিচালিত যানবাহনের বৈধতার পক্ষে ঐতিহাসিক রায় দিলেও পরবর্তীতে গত ২৯ অক্টোবর সরকার যে ‘ই-রিকশা চলাচল বিধিমালা, ২০২৬’ জারি করেছে, তাতে বেশ কিছু অস্পষ্টতা ও নেতিবাচক দিক রয়েছে, যা সাধারণ চালক-মালিকদের জীবনাজীবিকাকে হুমকির মুখে ফেলবে।
১. সময়সীমা বৃদ্ধি: বিদ্যমান ই-রিকশাকে বুয়েট স্বীকৃত কাঠামোয় রূপান্তর করার জন্য মালিক ও চালকদের অন্তত ২ বছর সময় দিতে হবে এবং এই বিধিমালাকে যেন কোনোভাবেই উচ্ছেদের হাতিয়ার হিসেবে ব্যবহার করা না হয়।
২. স্বচ্ছ নিবন্ধন: প্রকৃত চালক ও মালিকদের অন্তর্ভুক্ত করে নিবন্ধন প্রক্রিয়ায় সম্পূর্ণ স্বচ্ছতা নিশ্চিত করতে হবে।
৩. ড্রাইভিং লাইসেন্স: চালকদের লাইসেন্স দেওয়ার নিয়ম স্পষ্ট করে এর সঙ্গে বিআরটিএকে যুক্ত করতে হবে এবং প্রয়োজনীয় লার্নার ও লাইসেন্স ফরম দ্রুত সংযোজন করতে হবে।
৪. নিবন্ধন ফি হ্রাস: দুই আসনের ই-রিকশার এককালীন ফি ৮ হাজার টাকা (বার্ষিক নবায়ন ৪ হাজার) এবং চার আসনের ই-রিকশার এককালীন ফি ১০ হাজার টাকা (বার্ষিক নবায়ন ৫ হাজার) নির্ধারণ করতে হবে।
৫. সংখ্যা নির্ধারণ: ই-রিকশার সংখ্যা নির্ধারণের ক্ষেত্রে স্থানীয় চালক ও সংশ্লিষ্ট সব অংশীজনের মতামত নিতে হবে।
৬. চলাচলের রুট ও লেন: মহাসড়কের পাশে নিরাপদ সাইডলেন তৈরি করতে হবে এবং কোন কোন সড়কে এসব যান চলাচল করবে, তা স্থানীয়ভাবে আলোচনার মাধ্যমে চূড়ান্ত করতে হবে।
৭. চার্জিং স্টেশন ও বীমা শিথিল: চার্জিং স্টেশনে সৌরবিদ্যুৎ ও ব্যয়বহুল বাধ্যতামূলক বীমার বিধান তুলে দিতে হবে এবং সাশ্রয়ী ও সুবিধাজনক স্থানে নতুন চার্জিং স্টেশন নির্মাণ করতে হবে।
৮. সিন্ডিকেট রোধ: বিআরটিএর অনুমোদিত নকশায় স্থানীয় ও ক্ষুদ্র উৎপাদকদের ই-রিকশা তৈরির সুযোগ দিতে হবে, যাতে কোনো ধরনের সিন্ডিকেট তৈরি হতে না পারে।
৯. পৌরসভা ও উপজেলা পর্যায়ে স্পষ্টীকরণ: সিটি করপোরেশনের বাইরের ক্ষেত্রগুলোতে (যেমন পৌরসভা ও উপজেলা পর্যায়ে) এই বিধিমালার প্রয়োগ কীভাবে কার্যকর হবে, তা স্পষ্টভাবে উল্লেখ করতে হবে।
সংগ্রাম পরিষদের নেতারা জানান, ব্যাটারিচালিত রিকশা খাতের টেকসই ব্যবস্থাপনা নিশ্চিত করতে এই বিষয়গুলো অত্যন্ত জরুরি। সংকট নিরসনে তারা সরকারের সঙ্গে যেকোনো ধরনের আলোচনা ও সহযোগিতায় প্রস্তুত রয়েছেন বলে জানিয়েছেন।