বৃষ্টি ছাড়াই হাঁটুুপানি, গাজীপুরের শ্রীপুর বর্ণমালা মোড়ে চরম জনদুর্ভোগ

প্রকাশ: বুধবার, ১১ নভেম্বর ২০২৬, ০১:১০ অপরাহ্ণ
বৃষ্টি ছাড়াই হাঁটুুপানি, গাজীপুরের শ্রীপুর বর্ণমালা মোড়ে চরম জনদুর্ভোগ

অনলাইন ডেস্ক : মাসখানেক ধরে কোনো ভারী বৃষ্টিপাত নেই, অথচ গাজীপুর শিল্পাঞ্চলখ্যাত শ্রীপুর পৌরসভার মাওনা চৌরাস্তা থেকে বারতোপা সড়কের বর্ণমালা মোড় এলাকায় জলাবদ্ধতার চিত্র একটুও বদলায়নি। বৃষ্টি ছাড়াই বছরের প্রায় পুরো সময়জুড়ে এখানকার বাসিন্দাদের হাঁটুপানি ও নোংরা বর্জ্যপানি মাড়িয়ে চলাচল করতে হচ্ছে। সড়কের প্রায় ৬০০ ফুট অংশজুড়ে স্থায়ী এই জলাবদ্ধতা স্থানীয়দের জীবনযাত্রাকে বিপর্যস্ত করে তুলেছে।

স্থানীয়দের সঙ্গে কথা বলে জানা গেছে, জনাকীর্ণ ও গুরুত্বপূর্ণ মাওনা চৌরাস্তার কাছাকাছি হওয়ায় বর্ণমালা মোড় এলাকায় বহু মানুষ বসবাস করেন। এখানে রয়েছে বিভিন্ন শিল্পকারখানায় কর্মরত কর্মকর্তা-কর্মচারী, শ্রমিক, ব্যবসায়ীসহ নানা শ্রেণি-পেশার মানুষ। এছাড়া আশপাশে গড়ে উঠেছে একাধিক স্কুল, মাদ্রাসা, বেসরকারি হাসপাতাল, ডায়াগনস্টিক সেন্টার ও ছোট-বড় নানা ব্যবসাপ্রতিষ্ঠান।

এলাকাবাসীর অভিযোগ, বর্ণমালা মোড় এলাকার বিভিন্ন বহুতল ভবন, হোটেল ও ব্যবসাপ্রতিষ্ঠানের ব্যবহৃত পানি ও পয়োবর্জ্য নিষ্কাশনের পর্যাপ্ত ও কার্যকর কোনো ব্যবস্থা নেই। মাওনা-বারতোপা সড়ক নির্মাণের সময় বর্ণমালা মোড় থেকে মাওনা চৌরাস্তার দিকে একটি ড্রেন নির্মাণ করা হয়েছিল। ওই ড্রেন তৈরির সময় স্থানীয় বহু স্থাপনার বর্জ্যলাইনের সংযোগ দেওয়া হয়। কিন্তু দীর্ঘদিন পরিষ্কার না করায় বর্জ্য জমে ড্রেনের মুখ ও ভেতরের অংশ সম্পূর্ণ বন্ধ হয়ে গেছে। ফলে সামান্য ব্যবহার্য পানিও আর নিষ্কাশিত হতে না পেরে উপচে সরাসরি সড়কে এসে পড়ছে।

স্থানীয় বর্ণমালা কিন্ডারগার্টেনের পরিচালক মো. জাহিদুল হক সুমন জানান, প্লে থেকে পঞ্চম শ্রেণি পর্যন্ত পাঠদান করা এই বিদ্যালয়ে জলাবদ্ধতার কারণে কোমলমতি শিশুরা আসতে চাইছে না। নোংরা ও দুর্গন্ধযুক্ত পানির কারণে শিশুদের স্কুলের পোশাক ও জুতা নষ্ট হয়ে যাচ্ছে। বাধ্য হয়ে অনেক অভিভাবককে সন্তানদের কোলে করে স্কুলে পার করতে হচ্ছে, যা শিক্ষা কার্যক্রমে বড় ধরনের বিঘ্ন ঘটাচ্ছে।

একইভাবে বর্ণমালা মোড় জামে মসজিদের মুসল্লি তারেক হাসান ক্ষোভ প্রকাশ করে বলেন, বছরের পর বছর এই জনবহুল এলাকায় জলাবদ্ধতা চললেও সংশ্লিষ্টদের কোনো কার্যকর উদ্যোগ নেই। বাসাবাড়ির পয়োবর্জ্য মিশ্রিত নোংরা পানিতে নিয়মিত ওজু বা যাতায়াত করতে গিয়ে মুসল্লিদের চরম বিড়ম্বনায় পড়তে হচ্ছে। অনেক সময় বাধ্য হয়ে ওই অবস্থাতেই নামাজ আদায় করতে হয়।

এ বিষয়ে শ্রীপুর পৌরসভার প্রশাসক ও উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) নাহিদ ভূঞা বলেন, “জলাবদ্ধতার কারণে সাধারণ মানুষের চরম দুর্ভোগ হচ্ছে বিষয়টি অত্যন্ত দুঃখজনক। খুব দ্রুত সড়কটি সরেজমিন পরিদর্শন করে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে এবং দ্রুততম সময়ের মধ্যে এই জনদুর্ভোগ লাঘবের কার্যকর উদ্যোগ নেওয়া হবে।”