পাইপলাইনে প্রায় ৯০ হাজার কোটি টাকার বিভিন্ন উন্নয়ন প্রকল্প রয়েছে: প্রতিমন্ত্রী

প্রকাশ: বুধবার, ১১ নভেম্বর ২০২৬, ১২:৩৩ অপরাহ্ণ
পাইপলাইনে প্রায় ৯০ হাজার কোটি টাকার বিভিন্ন উন্নয়ন প্রকল্প রয়েছে: প্রতিমন্ত্রী

অনলাইন ডেস্ক : দেশের অবকাঠামোগত মানোন্নয়ন এবং স্থানীয় সরকার প্রতিষ্ঠানগুলোকে আরও শক্তিশালী করতে সরকারের বিশাল কর্মপরিকল্পনার কথা জানিয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম। তিনি জানিয়েছেন, দেশের বিভিন্ন প্রান্তে অবকাঠামো উন্নয়নে এ মুহূর্তে প্রায় ৯০ হাজার কোটি টাকার বিভিন্ন উন্নয়ন প্রকল্প পাইপলাইনে রয়েছে।

বুধবার সকালে রাজধানী ঢাকার আগারগাঁওয়ে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (এলজিইডি) ভবনের কামরুল ইসলাম সিদ্দিক মিলনায়তনে আয়োজিত ‘ন্যাশনাল ওয়ার্কশপ অন প্রিপারেশন অ্যান্ড আপডেট অব রিস্ক-ইনফর্মড মাস্টারপ্ল্যান ফর পৌরসভাজ’ শীর্ষক কর্মশালায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

কর্মশালায় পৌরসভাগুলোর ভেতরের খাল ও ড্রেনেজ ব্যবস্থা পরিষ্কার-পরিচ্ছন্ন রাখা এবং শহরজুড়ে বৃক্ষরোপণ অভিযান আরও জোরদার করার ওপর বিশেষ গুরুত্ব আরোপ করেন প্রতিমন্ত্রী। একই সঙ্গে দেশের সামাজিক সুরক্ষা নেটওয়ার্ক শক্তিশালী করতে ‘ফ্যামিলি কার্ড’ ও ‘কৃষক কার্ড’ কর্মসূচি দ্রুত ও স্বচ্ছতার সঙ্গে বাস্তবায়নের নির্দেশ দেন তিনি।

ফ্যামিলি কার্ডের গুরুত্ব তুলে ধরে মীর শাহে আলম বলেন, সচ্ছলদের কাছে এটি নগণ্য মনে হলেও দরিদ্র পরিবারের জন্য এটি অত্যন্ত বড় সম্বল। এটি একটি ঝুঁকিপূর্ণ কর্মসূচি হওয়া সত্ত্বেও সরকার এতে ১৩ হাজার কোটি টাকার বাজেট বরাদ্দ রেখেছে। আগামী চার বছরের মধ্যে দেশের চার কোটি পরিবারের কাছে এই কার্ড পৌঁছে দেওয়ার লক্ষ্য নির্ধারণ করা হয়েছে। বিশেষ করে গ্রামীণ নারীদের অর্থনৈতিক ক্ষমতায়নের উদ্দেশ্যে পরিবারের নারীপ্রধানের হাতে এই কার্ড তুলে দেওয়া হবে।

তিনি আরও জানান, এই উদ্যোগটি সম্পূর্ণ সর্বজনীন; যার আওতায় রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী থেকে শুরু করে সর্বস্তরের নাগরিকের পরিবার যুক্ত থাকবে। এছাড়া চলতি বছরেই প্রায় ৭০ হাজার ধর্মীয় প্রতিষ্ঠান এবং আগামী চার বছরের মধ্যে সব ধর্মীয় প্রতিনিধি বা ধর্মগুরুদের নির্দিষ্ট সম্মানী ভাতার আওতায় নিয়ে আসা হবে।

জনসেবায় যেকোনো ধরনের দুর্নীতি ও অনিয়মের বিরুদ্ধে কঠোর অবস্থান ব্যক্ত করে প্রতিমন্ত্রী বলেন, সাধারণ মানুষকে পৌরসভাগুলোতে জন্ম ও মৃত্যু নিবন্ধন করতে গিয়ে চরম হয়রানির শিকার হতে হচ্ছে। অনেক অসাধু কর্মকর্তা ঘুষ আদায়ের অসৎ উদ্দেশ্যে ইচ্ছাকৃতভাবে ‘সার্ভার বন্ধ’ বা ‘লিংক নেই’ এমন অজুহাত দেখিয়ে সেবাগ্রহীতাদের ২-৩ দিন ঘোরাচ্ছেন। এ ধরনের কোনো ধরনের হয়রানি বা দুর্নীতি বিন্দুমাত্র সহ্য করা হবে না বলে তিনি দ্ব্যর্থহীন ভাষায় সতর্ক করে দেন। তিনি উল্লেখ করেন, দেশের অধিকাংশ পৌরসভা বিগত দিনে রাজনৈতিক বিবেচনায় অপরিকল্পিতভাবে গঠন করা হয়েছিল।

বক্তব্যের শেষ পর্যায়ে গণমাধ্যমে সংবাদ প্রকাশের ক্ষেত্রে কিছু অসঙ্গতি ও আংশিক উপস্থাপনা নিয়ে ক্ষোভ প্রকাশ করেন মীর শাহে আলম। তিনি জানান, গত মঙ্গলবার তাঁর দেওয়া বক্তব্যের কেবল কয়েকটি চুম্বক অংশ প্রকাশ করায় অনাকাঙ্ক্ষিত ভুল বোঝাবুঝি ও সমালোচনার সৃষ্টি হয়েছে। একইভাবে জাতীয় সংসদে স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্যের বেলাতেও একই ধরনের প্রবণতা দেখা গেছে।

বর্তমান সরকারের আমলে সংবাদমাধ্যমের পূর্ণ স্বাধীনতা ও অবাধ বাক্‌স্বাধীনতা রয়েছে উল্লেখ করে তিনি বলেন, তবে এই স্বাধীনতা অবশ্যই শিষ্টাচার ও পেশাদারিত্বের মধ্যে থাকা উচিত। অসাবধানতাবশত প্রকাশিত কোনো বিভ্রান্তিকর সংবাদের কারণে কেউ কষ্ট পেয়ে থাকলে তার জন্য তিনি আন্তরিক দুঃখ প্রকাশ করেন।